ব্রেক্সিট-পরবর্তী জিটুজি বৈঠক জানুয়ারিতে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১২:৪০ এএম

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আলাদা হওয়ার পর ব্রিটেন নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশকে গুরুত্ব দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য ও বিনিয়োগে ব্রিটেনের আগ্রহে বাংলাদেশ উৎসাহ বোধ করছে। নতুন উদ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সঠিক পথে পরিচালনার জন্য উভয় দেশের মধ্যে বাণিজ্য আলোচনা জরুরি। আগামী জানুয়ারিতে দেশটির সঙ্গে জিটুজি বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন, জাপান, কোরিয়া, ভারতসহ বেশ কিছু দেশ বাংলাদেশের বিভিন্ন ইপিজেডে বিনিয়োগে এগিয়ে এসেছে। ব্রিটিশ বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করলে লাভবান হবেন। বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছে। আগামী দিনগুলোতে বাংলাদেশ-ব্রিটেন বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে বলে বৈঠকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পর ব্রিটেন বাংলাদেশকে বাণিজ্য ক্ষেত্রে চলমান সুযোগ-সুবিধাগুলো প্রদান অব্যাহত রাখবে বলে আশা করছি। বিভিন্ন দেশের সঙ্গে পিটিএ ও এফটিএ করে বাণিজ্য-সুবিধা সৃষ্টির জন্য বাংলাদেশ চেষ্টা শুরু করেছে।

ঢাকায় নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত বলেন, ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ব্রিটেন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত কার্যক্রম গ্রহণ করা সম্ভব। বাংলাদেশ সরকারের সঙ্গে ব্রিটিশ সরকার বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে আগ্রহী। বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের চলমান বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা অব্যাহত থাকবে এবং আগামীতে তা আরও বাড়ানোর চেষ্টা থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত