গেল মৌসুমে নেইমারকে বার্সেলোনাতে ফিরিয়ে আনতে বলেছিলেন লিওনেল মেসি। চেষ্টা করেও তা পারেনি কর্র্তৃপক্ষ। এবার নেইমারের নতুন এক কথায় ফের শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ব্রাজিলিয়ান জানিয়েছেন, আগামী মৌসুমেই মেসির সঙ্গে খেলতে চান তিনি। মেসি কি তাহলে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিচ্ছেন? নাকি নেইমার ফিরছেন বার্সেলোনাতে? নাকি দুজন একসঙ্গে যাচ্ছেন নতুন কোনো ক্লাবে!
বুধবার জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ম্যানইউকে হারানোর পর পিএসজি ফরোয়ার্ড বলেছেন, ‘আমি ভীষণভাবে যেটি চাই তা হলো, আবার তার (মেসির) সঙ্গে খেলা এবং সেটা উপভোগ করা। অবশ্যই আগামী বছরই এটা আমাদের করতে হবে (একসঙ্গে খেলা)। সে (মেসি) আমার ভূমিকায় খেলতে পারে। এখানে তার বা আমার কোনো সমস্যা নেই।’
২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন মেসি ও নেইমার। এরপর ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ২৮ বছরের নেইমারের সঙ্গে পিএসজির চুক্তি আছে ২০২১-২২ মৌসুম পর্যন্ত। আর মেসির বার্সাতে চুক্তি আছে আগামী জুন পর্যন্ত। চলতি মৌসুম শুরুর আগে বার্সা ছাড়তে চেয়েছিলেন মেসি। তখন ম্যানসিটির পাশাপাশি পিএসজিকেও মেসির পরবর্তী ক্লাব হিসেবে ধারণা করা হয়েছিল। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নেইমারের ইচ্ছা পূরণ হয় কি-না।
