দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ চারজন নিহত হয়েছে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সাভারের খাগান এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশাচাপায় এক মাদ্রাসাছাত্রী প্রাণ হারিয়েছে। এ ছাড়া দিনাজপুরের খানসামায় ট্রাক্টরের ধাক্কায় এক নারী ইপিজেড কর্মী ও চুয়াডাঙ্গা সদরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে
সাভার : খাগান এলাকায় ট্রাকের ধাক্কায় আমিনুল ইসলাম (৩০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে সাভার-মিরপুর আঞ্চলিক সড়কের সিটি ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে। আমিনুল কুমিল্লার লালমাই থানার আব্দুল মজিদ মিয়ার ছেলে। সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গ্রামীণ শক্তির কলমা শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। স্থানীয়রা জানান, গতকাল দুপুরে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন আমিনুল ইসলাম। ওই সময় খাগান এলাকায় আকিজ সিমেন্ট কোম্পানির একটি সিমেন্ট মিক্সিং ট্রাক মোটরসাইকেলটিকে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিনুলের। সাভার থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা হবে।
টাঙ্গাইল : বাসাইলে সিএনজিচালিত অটোরিকশাচাপায় সুরাইয়া আক্তার (১০) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। গতকাল দুপুরে টাঙ্গাইল-বাসাইল সড়কের বিয়ালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সুরাইয়া ওই এলাকার সলিম ভূঁইয়ার মেয়ে। বাসাইল থানার এসআই বিল্লাল হোসেন জানান, গতকাল দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল শিশু সুরাইয়া। এ সময় বাসাইল থেকে টাঙ্গাইলগামী সিএনজিচালিত একটি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অপর একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে উল্টে সুরাইয়ার ওপর পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় সুরাইয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও ৫ অটোরিকশাযাত্রী আহত হয়। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দিনাজপুর : খানসামায় ট্রাক্টরের ধাক্কায় দীপালি দেবনাথ (২৫) নামে এক নারী ইপিজেড কর্মী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার চৌরঙ্গী বাজারসংলগ্ন ওমর ফারুক ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দীপালি ওই উপজেলার আঙ্গারপাড়া গ্রামের জুগীপাড়া এলাকার দুলাল দেবনাথের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে অটোভ্যানযোগে নীলফামারীর উত্তরা ইপিজেডে যাওয়ার পথে এক কর্মীর ওড়না চাকায় ঢুকে পড়ে। এতে অটোভ্যানটি থামিয়ে ওড়না ঠিক করার সময় দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দীপালির মৃত্যু হয়। খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন জানান, ট্রাক্টরটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।
চুয়াডাঙ্গা : সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মতিয়ার রহমান (৪৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। গত বুধবার রাতে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মতিয়ার উপজেলার বালিয়াকান্দি ক্যানালপাড়ার আব্দুল বারীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৯টার দিকে দশমাইল হাফিজিয়া মাদ্রাসার সামনের সড়কে রাস্তা পার হচ্ছিলেন মতিয়ার। এ সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় সিন্দুরিয়া ক্যাম্পের ইনচার্জ (এসআই) ইকবাল আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই পিকআপসহ চালক পলাতক রয়েছে।
