রাজধানীর হাজারীবাগে স্ত্রীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন ইউসুফ রানা নামে এক ব্যক্তি। গত বুধবার রাতে হাজারীবাগের রায়েরবাজার হাই স্কুলের পেছনের একটি বাসায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার ভোরে ইউসুফ নিজেই থানায় গিয়ে স্ত্রী রোকসানা আক্তার ময়নাকে (২৮) খুনের দায় স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
ময়নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুহস্পতিবার ময়নার ভাই ফরহাদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউসুফ ও ময়নার মধ্যে কলহ চলছিল। এর জের ধরেই বুধবার সন্ধ্যার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লোহার বস্তু দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন ইউসুফ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে লাশ ভেতরে রেখে দরজায় তালা লাগিয়ে দুই ছেলেমেয়েকে নিয়ে বেরিয়ে যান ইউসুফ।
হাজারীবাগ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ বলেন, ঘটনার পর ইউসুফ সন্তানদের নিয়ে মায়ের বাসায় যান। আমরা প্রথমে ইউসুফের ভাইকে আটক করি। বৃহস্পতিবার ভোরে এক বছর বয়সী সন্তানকে কোলে নিয়ে থানার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে গ্রেপ্তার করি। পরে ইউসুফ জানান, তিনি আত্মসমর্পণের জন্যই থানায় যাচ্ছিলেন।
হাজারীবাগ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, ইউসুফের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বারইনগর গ্রামে। পরিবার নিয়ে পূর্ব রায়েরবাজার হাই স্কুলের পেছনে আনোয়ার খানের বাড়িতে থাকতেন। ময়না গৃহিণী ছিলেন। ইউসুফ ফুসকা বিক্রি করেন। দীর্ঘদিন ধরে এ দম্পতির মধ্যে কলহ চলছিল। বুধবারও তাদের কথা কাটাকাটি হয়।
