রিট আবেদন খারিজ

দুদকের তলবে হাজির হতে হবে ডিএজি রূপাকে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০১:৫৬ এএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) জান্নাতুল ফেরদৌসি রূপার করা রিট আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে দুদকে হাজির হতে তাকে আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট।

গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ আদেশের ফলে ডিএজি রূপাকে দুদকে হাজির হতে হবে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া যুবলীগের কথিত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাতের মাধ্যমে তাদের জামিন করিয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জান্নাতুল ফেরদৌসি রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৮ অক্টোবর তলব করে ৪ ডিসেম্বর (আজ) সকাল ১০টায় তাকে ঢাকার সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়। তলবের এ চিঠির  বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। করোনাভাইরাস সৃষ্ট রোগ কভিডে আক্রান্ত হওয়ার তথ্য জানালে গত ৩ নভেম্বর হাইকোর্ট এক আদেশে দুদকের কাছে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় চাইতে রূপার আইনজীবীদের নির্দেশনা দেয়। একই সঙ্গে রিট আবেদনের শুনানির জন্য ৩ ডিসেম্বর ধার্য রাখে আদালত। এরই ধারাবাহিকতায় গতকাল শুনানি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত