যুক্তরাষ্ট্রে রেকর্ড মৃত্যুর দিন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০৪:১০ এএম

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। মহামারী শুরুর পর থেকে গত বুধবার এক দিনে দেশটিতে রেকর্ড ২ হাজার ৭৬০ জন মারা গেছে। মহামারীর প্রথম ধাপে গত ১৫ এপ্রিল এ সংখ্যা ছিল ২ হাজার ৭৫২। অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও এদিন ১ লাখ ছাড়িয়ে গেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ এবং নভেম্বরের শুরুর দিকের তুলনায় দ্বিগুণের বেশি। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে প্রায় ২০ হাজার আইসিইউতে এবং ৬ হাজার ৮৫৫ জন ভেন্টিলেটরে রয়েছে।

বোস্টনের একটি হাসপাতালের চিকিৎসক জেরেমি ফস্ট বলেন, ‘আপনি যদি বলেন এ সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে; আমি বলব, সামনে কয়েক সপ্তাহে মৃত্যু আরও বাড়বে।’

যুক্তরাষ্ট্রে মহামারীর প্রথম দিকের পরিস্থিতির চেয়ে বর্তমানে অনেকটাই ভিন্ন। এপ্রিলে ভাইরাসের প্রাদুর্ভাব এবং মৃত্যু কেবল নিউ ইয়র্ক ও নিউ ইংল্যান্ডেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন গোটা দেশে করোনাভাইরাসে মৃত্যু ঘটছে। এপ্রিলে মৃত্যু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার পর লকডাউন আরোপ এবং আমেরিকানরা সচেতনভাবে তাদের অভ্যাস পরিবর্তন করায় মৃত্যু কমে এসেছিল। এখন বুধবার আবার মৃত্যুর যে রেকর্ড দেখা গেছে, তাতে এ সংখ্যা আরও বাড়বে বলে অভিমত বিশেষজ্ঞদের। কারণ, এরই মধ্যে মানুষ থ্যাঙ্কসগিভিং ডের ছুটি কাটিয়ে ঘরে ফিরছে। সামনে আছে বড়দিন এবং নতুন বছর উদযাপনের উৎসব। এসব উৎসবে করোনার বিস্তার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যে, যুক্তরাষ্ট্রে বুধবার পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ৭৯ হাজার ৮৬৭ জন। আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ২৬৫ জন। বুধবার এক দিনেই ২ লাখ ৩ হাজার ৭৩৭ জন শনাক্ত হয়।

এর পরের অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট ৯৫ লাখ ৩৩ হাজার ৪৭১ জন শনাক্ত ও ১ লাখ ৩৮ হাজার ৬৫৭ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ৬৪ লাখ ৩৬ হাজার ৬৫০ আক্রান্ত এবং মারা গেছে ১ লাখ ৭৪ হাজার ৫৩১ জন।

বিশ্বে বুধবার পর্যন্ত ৬ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ২০৪ জন শনাক্ত হয়েছে। মারা গেছে ১৪ লাখ ৯৮ হাজার ৩৭৮ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ২৭ হাজার ২৬৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত