পুতিনের নির্দেশ

রাশিয়ায় আগামী সপ্তাহ থেকে টিকাদান শুরু

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০৪:১৪ এএম

রাশিয়ায় আগামী সপ্তাহ থেকে ব্যাপক হারে করোনাভাইরাসের স্বেচ্ছাসেবী টিকাদান কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বুধবার মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে তিনি এ নির্দেশনা দেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, পুতিন এমন সময় দেশে বড় আকারের টিকাদান কর্মসূচি চালাতে বললেন, যখন সংক্রমণ শনাক্তের দিক থেকে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এসেছে। দেশটিতে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুসংখ্যা দাঁড়িয়েছে ৫৮৯।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া উদ্ভাবিত স্পুটনিক-ভি টিকার ২০ লাখ ডোজ আগামী কয়েক দিনের মধ্যেই তৈরি করে ফেলবে। টিকাটি পাওয়ার তালিকার শুরুতেই থাকবেন শিক্ষক ও চিকিৎসকরা।’

স্পুটনিক-ভি’র ক্লিনিক্যাল পরীক্ষা অসম্পূর্ণ থাকলেও দেশটির নিয়ন্ত্রকরা এটি প্রয়োগের অনুমোদন দিয়েছেন। এ টিকাটির দুটি ডোজ ইনজেকশন হিসেবে নিতে হয়। স্পুটনিক-ভি ছাড়া আরও একটি টিকার জরুরি অনুমোদন দিয়েছে রাশিয়া এবং তৃতীয় আরেকটি টিকা নিয়েও কাজ চালিয়ে যাচ্ছে। গত মাসে রাশিয়া দাবি করে, অভ্যন্তরীণ গবেষণা ফলাফলে তাদের স্পুটনিক-ভি টিকাটি করোনাভাইরাসের বিরুদ্ধে ৯২ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে।

রুশ প্রেসিডেন্ট দেশটির উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভার উদ্দেশে বলেন ‘আসুন, এতে একমত হোন। আপনি আগামী সপ্তাহে আমাকে রিপোর্ট করবেন না। তবে আপনি বড় আকারের টিকাদান কর্মসূচি শুরু করবেন। ইতিমধ্যে কাজ শুরু করা যাক।’ তিনি আরও বলেন, ‘আমি বুঝতে পারি যে আপনি (উপপ্রধানমন্ত্রী) খুব সাবধানী ভাষা ব্যবহার করছেন এবং এটি ঠিক যে আমরা সতর্ক রয়েছি। তবে আমি জানি, শিল্প এবং (স্বাস্থ্য) নেটওয়ার্ক সাধারণভাবে প্রস্তুত। আসুন প্রথম পদক্ষেপ নেওয়া যাক।’

রাশিয়া ইতিমধ্যে উচ্চ ঝুঁকিতে থাকা ১ লাখ মানুষকে টিকা দিয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো জাতিসংঘের কাছে স্পুটনিক-ভি টিকা নিয়ে পৃথক এক উপস্থাপনায় এ তথ্য জানান। তার উপস্থাপনা অনুযায়ী, বিশ্বে বর্তমানে ৪৫ হাজারের বেশি মানুষের ওপর এ টিকাটির পরীক্ষা চলছে।

গত ২৭ নভেম্বর রাশিয়ায় করোনার সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের পর এখন তা ধীরে ধীরে কমছে। গত বুধবার দেশটিতে ২৫ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়। সবমিলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৭ হাজার ৪০১ জনে। যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলের পরই শনাক্তে দেশটির অবস্থান।

টিকা সরবরাহ নিয়ে ক্রেমলিন আশ্বস্ত করে বলেছে, রাশিয়ানরা প্রথম উপস্থাপনা টিকা নেবে। মস্কো অবশ্য অন্য দেশের সঙ্গেও টিকাটি সরবরাহ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত