ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে ‘মূর্তি’ প্রসঙ্গটি অবজ্ঞা ও অবহেলায় উচ্চারণ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার এক বিবৃতিতে পরিষদের নেতারা এ আহ্বান জানান। বিবৃতিতে ভাস্কর্য নিয়ে মূর্তি প্রসঙ্গটি আলোচিত হওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, এর মধ্য দিয়ে দেশে অপরাপর ভিন্ন সম্প্রদায় এবং তাদের ধর্মীয় অনুভূতিকে অহেতুক হেয় করা হচ্ছে। সাম্প্রদায়িক ঘৃণা ও বিদ্বেষ প্রচার করা হচ্ছে এবং ধর্মীয় স্বাধীনতাকে যুগপৎ ক্ষুণœ করা হচ্ছে।
ঐক্য পরিষদের সভাপতি সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় শাশ্বতকাল থেকে তাদের আরাধ্য দেব-দেবতার মূর্তি পুজো করে আসছে। বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় ঠিক একইভাবে ভগবান বুদ্ধ ও প্রভু যিশুর মূর্তিকে সামনে রেখে তাদের ধর্মাচরণ ও ধর্মানুশীলন করেন। এদের ধর্মীয় অনুভূতিকে রীতিমতো আঘাত করে বা তাদের ধর্মকে অবজ্ঞা করে যেভাবে ‘মূর্তি’ শব্দটি বিভিন্ন মহল থেকে বিদ্যমান বির্তকে তুলে ধরা হচ্ছে তা দুঃখ ও উদ্বেগজনক। ঐক্য পরিষদ অনতিবিলম্বে এ ধরনের সাম্প্রদায়িক ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে।
