উগ্রবাদী সংগঠন ‘আল্লাহর দলের’ আঞ্চলিক প্রধান সন্দেহে সুলতান মাহমুদ হাসান ওরফে বড়মানিক (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। এই ইউনিটের সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুলতান মাহমুদ ‘আল্লাহর দলের’ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার দায়িত্বশীল। অ্যান্টি টেররিজম ইউনিটের একটি চৌকস দল দিনাজপুরের চিরিরবন্দর বিন্নাকুড়ি এলাকায় শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওয়াহিদা পারভীন আরও জানান, সাধারণ মানুষকে তারা উগ্রপন্থি কার্যক্রমে উদ্বুদ্ধ করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার পর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
