করোনাকালে আর্থিক সংকটে থাকা শিল্পী ও কলাকুশলীদের সহায়তার জন্য সরকারের কাছে ‘কল্যাণ তহবিল’ গঠনের দাবি টেলিভিশন নাটকের শিল্পীদের। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। গতকাল শনিবার অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম এ তথ্য জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, টেলিভিশন মাধ্যমটি তথ্য মন্ত্রণালয়ের অধীনে হলেও টেলিভিশন নাটকের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পীরা তথ্য মন্ত্রণালয়ের অধীনে না থাকার কারণে এ মন্ত্রণালয় থেকে তাদের জন্য কোনো সহায়তা করা হয়নি। অন্যদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে করোনাকালে শিল্পীদের সহায়তা করা হয়েছে, সেখানেও টেলিভিশন নাটকের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পীরা সহায়তা পাননি।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (টিভি-২) রুজিনা সুলতানা গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘টেলিভিশন অভিনয় শিল্পীরা তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট নয়। ফলে তাদেরকে সহায়তার বিষয়টি আমার জানা নেই।’
মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, করোনাকালীন সময়ে এ মন্ত্রণালয় থেকে ১০ হাজারের বেশি শিল্পীকে সহায়তা করা হয়েছে।
