খাগড়াছড়ির মানিকছড়িতে যমজ দুই শিশু কন্যাকে ধর্ষণের দায়ে বাবা নূর আলমকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুদের নানি বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা করেন।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, মানিকছড়ির থানাধীন সদর ইউনিয়নে প্রথম স্ত্রীর মৃত্যুর পর মা হারা দুই শিশু কন্যা সন্তান ও দ্বিতীয় স্ত্রীসহ একই বাড়িতে বসবাস করতেন নূর আলম। বুধবার গভীর রাতে দ্বিতীয় স্ত্রীর অনুপস্থিতিতে এক শিশু কন্যাকে ধর্ষণ করে এবং তা প্রকাশ না করার জন্য শিশু কন্যা সন্তানকে ভয়-ভীতি প্রদর্শন করে। পরে বৃহস্পতিবার কৌশলে অন্য শিশুকন্যা সন্তানকেও ধর্ষণ করে সে।
পরে দুই শিশু তাদের নানিকে বিষয়টি জানায়। শনিবার তিনি নূর আলমের বিরুদ্ধে মানিকছড়ি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন জানান, দুই শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে নূর আলমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ভিকটিমদ্বয়কে মেডিকেল পরীক্ষার জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
