‘ছায়াদের ঘুম’ নিয়ে হাজির সাব্বির নাসির

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ০৬:৪১ পিএম

দর্শকদের মাঝে এরইমধ্যে বেশ কিছু ভিন্ন স্বাদের গান উপহার দিয়ে শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন সংগীতশিল্পী সাব্বির নাসির। নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে আবার হাজির হলেন তিনি। এবার তার গানের শিরোনাম ‘ছায়াদের ঘুম’।

গানের মিউজিক্যাল ফিল্মটি গত ৪ই ডিসেম্বর গায়কের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন সাব্বির নাসির। শাহান কবন্ধের লেখা, গোলাম রাব্বী সোহাগের মিউজিক কম্পোজিশনে এ গানটির গল্প ও পরিচালনায় ছিলেন জয় মাহমুদ। বেস গিটারে সোহেল মাহমুদ ও লিডে ছিলেন সাইক সালেকীন। গায়কের পাশাপাশি মডেল হিসেবে কাজ করেছেন ফারহান সীমান্ত, তাসফিয়া জাহিদ সাবা।

মিউজিক ভিডিওটির পরিচালক জয় মাহমুদ বলেন, ছায়াদের ঘুম মূলত একটি অপূর্ণ কাল্পনিক প্রেমের গল্প। কাল্পনিক প্রেম কোনো সহজ ঘটনা না। এটা একটা জটিল ঘটনা। এই জটিলতার পেছনে যে জিনিসটা দায়ী, সেটা হলো মুখোশ। মুখোশের একটা ইন্টারেস্টিং বিষয় হলো, মানুষ তার বাহ্যিকতাকে সাজানোর জন্য মুখোশ পড়ে এবং এই মুখোশের প্রতিই সে আকৃষ্ট হয়। কিন্তু আকৃষ্ট হওয়ার পর সে মুখোশের আড়ালে নিজেকে খুঁজে বেড়ায়। ছায়াদের ঘুম গানটিতে এরকম একটা গল্পই তুলে ধরা হয়েছে যেখানে একটি কাল্পনিক প্রেমের আকুতি তৈরী হয় মুখোশকে ঘিরে কিন্তু মুখোশের অন্তরালে কল্পনার প্রেমিক তার প্রেমকে খুঁজে ফিরে।

মিউজিক কম্পোজিশনে থাকা গোলাম রাব্বী সোহাগ বলেন, সৌভাগ্য বসত সাব্বির ভাই এর সাথে কাজ করার এক অপূর্ব অভিজ্ঞতা আমার। অনেকদিন থেকে ভেবে ভেবে ওনার ভয়েস এর সাথে যায় এমন একটা ট্র্যাক-এর কথা চিন্তা করছিলাম। সাব্বির ভাই এর ভয়েসটা অনেক খানি পশ্চিমা দেশের গায়কদের মতো, তাই আমার জন্য একটু সহজ হইলো কারণ আমি এখন বেশির ভাগ কাজ বা কম্পোজিশন একটু ইডিএম টাইপ করছি। ফানকি গ্রুভ এ একটা ইডিম ট্র্যাক  রেডি করে ভাইয়া কে বললাম। বাস উনি এসে গুন গুন করে গেয়ে টিউন করে ফেললেন। বাহ দারুন ভাবে একটা টিউন রেডি করে সাথে সাথে শাহান কবন্ধ ভাই এর সাথে যোগাযোগ করে একটা লিরিক ও লেখা হয়ে গেলো। কিন্তু সাব্বির ভাই এত এত ব্যস্ত মানুষ, উনার সময় এর সাথে সময় মিলিয়ে ফাইনাল রেকর্ডিং করা টা মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এত ব্যস্ততার মাঝেও ভাইয়া সময় বের করে গানের ভয়েস দিয়ে ফেললেন। মজার ব্যাপার হল গানের ছোট্ট একটা কারেকশন এর জন্য উনি ঢাকা থেকে বগুড়াতে গিয়েছিলেন ভয়েস দিতে, এমন  ডেডিকেটেড মিউজিশিয়ান আমি আমার জীবনে খুব কম পেয়েছি। আমি গর্বিত ওনার মতো মানুষের সাথে কাজ করতে পেরে। আমাদের আরও কিছু কাজ টাইম লাইন এ আছে, সামনে আপনাদেরকে পরিবেশন করতে পারবো আশা করি।

সংগীতশিল্পী সাব্বির নাসির বলেন, একদিন গোলাম রাব্বী সোহাগের  স্টুডিওতে গেলাম আড্ডা মারতে। সোহাগ একটি গ্রুভ শোনাল। আমি সেই সাথে সাথে গুণ গুণ করতে সুরটা দাঁড়িয়ে গেল। সোহাগ আর আমি একটি গানের কাঠামো দাঁড় করে ফেললাম। সোহাগ স্মরণাপন্ন হল শাহান কবন্ধের কাছে ঐ টার ওপর একটি লিরিকস লিখে দেয়ার জন্য। সুন্দর বেস বাজালেন সোহেল মাহমুদ। লিড টাও ভাল বাজালেন সালেকীন। এভাবে দাঁড়াল ছায়াদের ঘুম। একটু এক্সপেরিমেন্টাল কিন্তু দারুণ একটি ভিডিও নির্মাণ করলেন জয় মাহমুদ ও তার টিম। সবার প্রতি কৃতজ্ঞতা।

শাহান কবন্ধ গানটির প্রসঙ্গে বলেন, গোলাম রাব্বী সোহাগ আমার অনেক কাছের মানুষ। আমাকে সুরটা শোনানোর পর মনে হলো ভালো কিছু হবে। সাব্বির ভাইয়ের সাথে প্রথম কাজ আমার। কথা ও সুর মিলিয়ে গানটা একটা আত্মকথন বলা যেতে পারে।

উল্লেখ্য, সংগীতশিল্পী সাব্বির নাসির 'হর্ষ', 'ফুল ফোটাব’, ‘ফাগুন আসছে’, ‘জল  জোছনা’, ‘পোকা’, ‘আমারে দিয়া দিলাম তোমারে', ‘মৃত জোনাকি’, ‘তুমি দমে দম’গানগুলো দিয়ে অল্প সময়ে বেশ আলোচনায় এসেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত