ভার্চুয়াল লাইভ স্ট্রিমিংয়ে উন্মোচিত ‘তাকদীর’-এর ট্রেইলার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ০৯:২৪ পিএম

অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হইচই নিয়ে আসছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘তাকদীর’। গত সেপ্টেম্বরে ফার্স্ট লুক উন্মোচিত হওয়ার পর থেকেই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিল সিরিজটির জন্য। এই অপেক্ষার অবসান ঘটছে ডিসেম্বরের ১৮ তারিখে। ৬  ডিসেম্বর, রবিবার সন্ধ্যায় ভার্চুয়াল লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সিরিজটির ট্রেইলার উন্মোচন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। তিনি এই সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন। এটি হইচই এর সাথে তার প্রথম কাজ। চঞ্চল চৌধুরীর সাথে আরও আছেন সানজিদা প্রীতি, মনোজ প্রামাণিক ও সোহেল মন্ডল রানা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার এবং পার্থ বড়ুয়া।

প্রসঙ্গত, ভার্চুয়াল লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে ওয়েব সিরিজের ট্রেইলার প্রকাশ করার ঘটনা এর আগে কখনো দেখা যায়নি। ডিজিটাল মাধ্যমের এই অভিনব ব্যবহারের জন্য হইচই নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।

হইচই অরিজিনাল সিরিজ ‘তাকদীর’ এর ট্রেইলারে রোমাঞ্চকর একটি ডার্ক থ্রিলারের প্রতিশ্রুতি দেয়া হয়েছে যেখানে গল্পের চরিত্রগুলো মানুষের জীবনের অনাকাঙ্ক্ষিত অন্ধকার দিক গুলোর ওপর আলোকপাত করেছে। এর গল্প আবর্তিত হয়েছে লাশবাহী ফ্রিজার ভ্যান চালক তাকদীরকে (চঞ্চল চৌধুরী) ঘিরে। ট্রেইলারে দেখা যায় সাংবাদিক আফসানা (সানজিদা প্রীতি) উদ্দেশ্য প্রণোদিতভাবে লোকচক্ষুর আড়ালে রেখে দেয়া একটি ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন। এদিকে তাকদীর তার ফ্রিজার ভ্যানের ভেতরে একজন মহিলার গুলিবিদ্ধ লাশ খুঁজে পায়। এই লাশ নিয়ে ঘোর সংকটে পড়ে যায় তাকদীর ও তার চির-সহচর মন্টু (সোহেল মন্ডল রানা)। এখন খুনের দায় থেকে কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করে তাকদীর সেটাই দ্রষ্টব্য। অসামান্য এক জীবন ঘনিষ্ঠ গল্প তাকদীরের, যেখানে অত্যন্ত বাস্তব-সম্মতভাবে দেখানো হয়েছে মানুষের জীবন সত্যিকার অর্থে কতোটা অনিশ্চিত।

সিরিজটি নির্মাণ করেছেন প্রতিশ্রুতিশীল তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী ও সালেহ সোবহান অনীম, চিত্রনাট্য লিখেছেন নিয়ামত উল্লাহ মাসুম ও সৈয়দ আহমেদ শাওকী। এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে দায়িত্ব পালন করেছে চলচ্চিত্র নির্মানকারী প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট।

‘তাকদীর’ এর কেন্দ্রীয় চরিত্রে রুপদানের প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, “তাকদীরের মতো অভিনব একটি চরিত্রের রুপদান করার চ্যালেঞ্জটি নিতে পেরে আমি উচ্ছ্বসিত। আমি অত্যন্ত আনন্দিত যে হইচই এর মতো বড় অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম এখন বাংলাদেশের নির্মাতাদের সাথে বাংলাদেশের দর্শকদের জন্য কাজ করছে। আমাদের দেশের সৃষ্টিশীলতা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছে যাচ্ছে, এটি একটি রোমাঞ্চকর অনুভূতি। তাকদীরের পুরো টিম, বিশেষ করে এর পরিচালক সৈয়দ আহমেদ শাওকী-কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন ‘তাকদীর’-কে দর্শকদের সামনে আনার জন্য। দর্শক এই সিরিজটিকে ভালবাসবে বলে আমার বিশ্বাস।” 

হইচই বাংলাদেশের প্রধান সাকিব আর খান জানান, “হইচই সব সময় চেয়েছে দর্শকদের ভাল গল্প; সত্যিকার অর্থে জীবনঘনিষ্ঠ মানবিক গল্প দর্শকদের উপহার দিতে। ‘তাকদীর’ এই প্রয়াসেরই ধারাবাহিকতার নমুনা। সিরিজটি দর্শকরা ভালবাসলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।” 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত