বিনা মূল্যে অসহায়দের বউ সাজিয়ে দেবেন নিপুণ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১০:৩৮ পিএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নিপুণ অভিনয়ের পাশাপাশি ব্যবসাও করেন। রয়েছে বিউটি সেলুন, টিউলিপ নেইলস এন্ড স্পা’।  এই প্রতিষ্ঠান থেকে তিনি এবার অসহায় মেয়েদের পাশে দাঁড়িয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, বিয়ে প্রতিটি মেয়ের জীবনের স্বপ্ন। এই দিনে প্রতিটি মেয়েই চায় একটু ভিন্নভাবে সাজতে। সাধ থাকলেও সাধ্য থাকে না অনেকের। এবার সেসব অসহায় মেয়েদের স্বপ্ন পূরণেই পাশে দাঁড়িয়েছেন নিপুণ।

তিনি জানান, ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ সেসব মেয়েদের পাশে শুরু থেকেই রয়েছে। যারা চাইলেও বিয়ের দিনে তেমন বড় কোন জায়গা থেকে বিয়ের সাজ সাজতে পারে না। সেই ধারাবাহিকতায় এবার আমাদের একজন ক্লিনার কর্মীর ইচ্ছে পূরণ করলাম আমরা। ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ থেকে তার বোনকে বধূ বেশে সাজিয়ে দেওয়া হয়েছে।

নিপুণ আরও জানান, প্রতি মাসেই এই প্রতিষ্ঠান থেকে এমন অনেক মেয়ের ইচ্ছে পূরণ করা হচ্ছে। আমাদের সামর্থ্য অনুযায়ী বিয়ের খরচটুকুও বহন করে আসছি। আশা করি, সামনের দিনগুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

নিপুণ এর আগেও নানা সময়ে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালে অসহায় শিল্পী ও দুস্থ মানুষদের সাহায্য করতেও দেখা গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত