জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যবিরোধীদের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের সমুচিত জবাব দেওয়া হবে। গতকাল রবিবার বিকেলে দিনাজপুরের সেতাবগঞ্জ শহীদ মিনারে এক আলোচনা সভায় এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।
বোচাগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা এদেশকে অনেক পিছিয়ে দিয়েছে। আমরা আর পিছিয়ে যেতে চাই না। পাক হানাদার বাহিনীর পদলেহনকারী ও পাকিস্তানি ভাবধারায় যারা বাংলাদেশে রাজনীতি করছে, যারা পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এখনো স্বপ্ন দেখে, আমরা দেখতে পাচ্ছি আজ ভাস্কর্যের নামে তারা বঙ্গবন্ধুর ওপর আক্রমণ করতে চায়।’
বাংলাদেশের এতসব উন্নয়নের পেছনে রয়েছে জাতির পিতার আদর্শ ও তার রেখে যাওয়া দিকনির্দেশনাএমন মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আগে এক কি.মি. রাস্তা উন্নয়নের জন্য দাতাদের দিকে তাকিয়ে থাকতে হতো। সেই বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
