ওয়াজ মাহফিলে ধর্মের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে : ছাত্রলীগ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০১:৪১ এএম

মামুনুল হকসহ বিভিন্ন ইসলামি বক্তা ওয়াজ মাহফিলে ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন বলে দাবি করেছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তিনি।

ছাত্রলীগ সভাপতি জয় বলেন, ‘মামুনুল হকসহ ইসলামি বক্তারা প্রতিনিয়ত মিথ্যাচার করছেন।  তিনি বলেন, ‘ওয়াজ মাহফিলে মিথ্যাচার করা হলে ছাত্রলীগ প্রতিহত করবে। এজন্য প্রতিটি পাড়া-মহল্লায় নজর রাখবে সংগঠনটির কর্মীরা।’

ভাস্কর্যবিরোধীদের উদ্দেশ্য করে জয় বলেন, ‘তোদের যেখানেই পাওয়া যাবে গণধোলাই দেওয়া হবে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙেছে তাদের ছাত্রলীগ শায়েস্তা করবে। তোরা আমাদের কলিজায় হাত দিয়েছিস।’

ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আপনাদের বিরুদ্ধে সারা দেশেই প্রতিরোধ গড়ে তোলা হবে। মনে রাখবেন অপকর্ম করে দেশে কেউ পার পায়নি। আপনাদেরও মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানাচ্ছি আমরা।’

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত