অনেক দিন ধরে চ্যানেল আই-এর বিজয় দিবসের আয়োজনে থাকছে ‘বাড়ি’ সিরিজের নাটক।
বরাবরের মতো এবারও বিজয়ের মাসের প্রহর থেকেই পুরো মাসব্যাপী চ্যানেল আই প্রচার করছে মুক্তিযুদ্ধের তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানমালা। সেখানে স্থান পেয়েছে নতুন নাটকটি।
ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিক্যুয়েলের গল্প নিয়ে নির্মিত মুক্তিযুদ্ধের এ নাটকের শিরোনাম ‘পঞ্চাশ বছরের বাড়ি’।
নাট্যরূপ ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। টানা নয় বছর ধরে সিরিজটির সঙ্গে আছেন তিনি।
‘বাড়ি’ সিক্যুয়েলের এটি ১৫তম নাটক, যার দৈর্ঘ্য এক ঘণ্টা।
নাটকটির গল্পে কেন্দ্রে আছে চার বন্ধু। তারা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছে। একসময় কিনে রাখে বিশাল এক জমি। স্বপ্ন ছিল যুদ্ধ শেষে একটি লাইব্রেরি করার। সেখানে থাকবে শুধু যুদ্ধ স্মৃতি। কিন্তু পঞ্চাশ বছর পর সব স্বপ্ন ওলট-পালট হয়ে যায়। ঘটতে থাকে নানা ঘটনা।
‘পঞ্চাশ বছরের বাড়ি’তে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবদুল্লাহ রানা, আগুন, নাদিয়া নদী ও অবিদ রেহান। প্রচার হবে ১৬ ডিসেম্বর রাত ৮টায়।
