চীনের অপমানে মুক্তির পরদিন স্থগিত ‘মনস্টার হান্টার’

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০৩:৩৬ পিএম

বিতর্কিত কৌতুকের কারণে চীনের সিনেমা হল থেকে সরানো হলো পল ডব্লিউ এস অ্যান্ডারসনের ‘মনস্টার হান্টার’। স্থানীয় দর্শকদের অভিযোগ এ সিনেমায় তাদের ব্যঙ্গ করা হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

‘মনস্টার হান্টার’ নির্মিত হয়েছে একই নামের জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে। হলিউডের পাশাপাশি চীন ও জার্মানির লগ্নি রয়েছে এ ছবিতে।

সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে বড়দিনে। তার আগেই ৩ ডিসেম্বর চীনের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। এরপরই শুরু হয় বিতর্ক। বাধ্য হয়ে সরিয়ে দেওয়া প্রদর্শনী।

মুক্তির প্রথম দিনেই চীন থেকে সিনেমাটি প্রায় ৫২ লাখ ডলার আয় করে। যা করোনার বাজারে বেশ ভালো অঙ্ক।

‘মনস্টার হান্টার’-এ একটি চরিত্র নিজের কনুই দেখিয়ে বলেন ‘চি-নিস!’। যার সঙ্গে বর্ণবাদী ছড়া ‘চাইনিজ, জাপানিজ, ডার্টি নিস’-এর সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। ফল হিসেবে মুক্তির পরদিন হল থেকে সরে যায় ছবিটি।

ডেডলাইন এক প্রতিবেদনে জানায়, বিতর্কের সূত্র ধরে কৌতুকের অংশটি সিনেমা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। এর সঙ্গে যুক্ত জার্মান প্রতিষ্ঠান কনস্ট্যান্টিন ফিল্ম ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য ক্ষমা চেয়েছে এক বিবৃতিতে।

তবে ‘মনস্টার হান্টার’ কবে চীনে ফিরবে জানা যায়নি। বর্তমানে স্থানীয় পরিবেশক সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছে।

যুক্তরাষ্ট্রের এলিট মিলিটারি ফোর্সের ওয়ার্ম হোল ভ্রমণ ও মনস্টারের মুখোমুখি হওয়ার কাহিনি নিয়েই ক্যাপকমের এই ভিডিও গেম।

মিলা জোভোভিচ, টনি জা, টিপ হ্যারিস, ম্যাগান গুড, দিয়েগো বোনেতা, জোশ হেলম্যান, জিন আউ-ইয়েং, রন পার্লম্যান প্রমুখকে নিয়ে নিমির্ত হয়েছে ‘মনস্টার হান্টার’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত