পিতৃত্বকালীন ছুটিতে যাবেন উইলিয়ামসন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০৩:৫৩ পিএম

পিতা হওয়ার অপেক্ষায় থাকা কেন উইলিয়ামসন ছুটিতে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রিকইনফো। এই সময়ে তিনি কয়েকটি ম্যাচ হাতছাড়া করলেও দল তাকে নিয়ে খুশি বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড।

স্টিড বলেছেন, ‘ক্রিকেটের থেকেও মাঝে মাঝে কিছু জিনিস বড় হয়ে দাঁড়ায়। এটি তেমনই একটি সময়।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১১ ডিসেম্বর। সিরিজ শেষ হলে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে তারা।

উইলিয়ামসন এই সময়ে কয়েকটি ম্যাচ মিস করলে উইল ইওং দলে ঢুকবেন বলে জানিয়েছেন স্টিড।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমকে উইলিয়ামসন জানিয়েছেন, স্ত্রী সারা রহিম চলতি মাসেই মা হবেন।

অর্থাৎ প্রথমবারের মতো বাবা হতে চলেছেন কেন উইলিয়ামসন। 

উইলিয়ামসন বলেন, ‘আমি খুব উৎফুল্ল। এমন চমৎকার মুহূর্ত সব মানুষের বেলায় আসে, যা এখন আমার এসেছে। চলতি মাসেই আমার স্ত্রী প্রথম সন্তান জন্ম দেবেন।’

নির্দিষ্ট দিনক্ষণ জানেন কী, প্রশ্নে তিনি বলেন, ‘না, এটি জানি না।’

উইলিয়ামসন মানুষ হিসেবে যেমন, ক্রিকেটার হিসেবেও তেমন।

গত তিন বছরে টেস্টে নিউজিল্যান্ডের সাফল্য মানেই ব্যাট হাতে তার জয়গান। পরিসংখ্যানই এর বড় সাক্ষী।

গত তিন বছরে টেস্টে উইলিয়ামসনের (১১) চেয়ে বেশি সেঞ্চুরি আছে দুজনের-স্মিথ (১৪) ও ওয়ার্নার (১৩)।

মোট সেঞ্চুরিতে পিছিয়ে, তবে উইলিয়ামসন এ দুজনের চেয়ে অনেকটাই এগিয়ে অন্য এক হিসাবে। এ সময়ে নিউজিল্যান্ডের মোট সেঞ্চুরি ৩৪টি, এর এক-তৃতীয়াংশই তার!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত