তাহসানের সঙ্গে মঞ্চে টিনার ‘শেষ দিন’

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০৩:৫৯ পিএম

তাহসান খানের সঙ্গে কণ্ঠ মেলাবেন টিনা রাসেল। তাদের সরাসরি শোনা যাবে ‘শেষ দিন’ শিরোনামের গানে।

‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’ এর আসরে গানটি শোনাবেন তারা।

১০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই জমকালো আসর বসছে। গানের পাশাপাশি থাকবে চমকপ্রদ কোরিওগ্রাফি।

এ প্রসঙ্গে টিনা রাসেল বলেন, “এটা নিশ্চয়ই নতুন কিছু হতে যাচ্ছে। আগে অনেকবার আমরা একসঙ্গে শো করার কথা হলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। মাঝের একটা বছর তো মহামারিতেই কেটে গেল। ফলে প্রিয় শিল্পী তাহসান ভাইয়ের সঙ্গে মঞ্চ শেয়ারের বিষয়টি এবার হচ্ছে।”

“মঞ্চে উঠে মূলত গানটাই গাইবো, তবে সেটি একটু ভিন্ন আদলে। এর মধ্যে আমরা আয়োজনের প্রধান ইজাজ খান স্বপন ভাই ও কোরিওগ্রাফারের সঙ্গে বসেছি। রিহার্সালের প্রস্তুতিও নিচ্ছি। চমক থাকবে আমাদের পারফরম্যান্সে। এর বেশি বলে দর্শকদের আগ্রহ নষ্ট করতে চাই না।”

গত বছর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিডি চয়েসের ব্যানারে প্রকাশ হয় গান-ভিডিও ‘শেষ দিন’। জুলফিকার রাসেলের কথায় তাহসানের সুরে সংগীতায়োজন করেন সাজিদ সরকার।

গান-ভিডিওটি ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’ আসরে সেরা দ্বৈত গানের জন্য মনোনয়ন পেয়েছে।

একই আসরে আজীবন সম্মাননা জানানো হবে গুণী শিল্পী ফেরদৌস ওয়াহিদকে। এ ছাড়া রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোকসংগীত, গীতিকার, সংগীত পরিচালক, মিউজিক ভিডিও, কাভার ডিজাইন, সাউন্ড ইঞ্জিনিয়ার, আধুনিক গান, ব্যান্ড, নবাগত শিল্পী, ছায়াছবির গান, উচ্চাঙ্গসংগীত ও উচ্চাঙ্গসংগীত যন্ত্র বিভাগে পুরস্কার দেওয়া হবে সংগীত ভিত্তিক এ আয়োজনের ১৫তম আসরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত