বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের শাস্তি দাবি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০১:৩৩ এএম

কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গতকাল সোমবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা প্রশাসন ক্যাডার তথা জনপ্রশাসনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের চেতনা ও অস্তিত্বের মর্মমূলে কুঠারাঘাতের শামিল। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে, বঙ্গবন্ধুর ভাস্কর্য চিরায়ত বাঙালি জাতির অবিনাশী চেতনার মূর্ত প্রতীক। বিভিন্ন জাতি-রাষ্ট্রের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিকাশের পরিচায়ক হিসেবে আধুনিক রাষ্ট্রগুলো এমনকি অনেক মুসলিম দেশে তাদের জাতির পিতার এবং জাতীয় নেতাদের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সংগ্রাম, তার ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত