স্বাধীনতা ও মুক্তিযুুদ্ধের চেতনাবিরোধী শক্তিকে প্রতিহত করতে ১০ দিনের কর্মসূচি দিয়েছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ। এর মধ্যে আগামীকাল বুধবার বিকেল ৩টায় নগরীর আন্দরকিল্লা চত্বরে প্রতিবাদী মিছিল ও সমাবেশ হবে। গতকাল সোমবার বিকেলে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সাবেক সিটি মেয়র ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাড. সুনীল কুমার সরকার, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান প্রমুখ বক্তব্য রাখেন।
