দিল্লিকে টপকে বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০২:১৫ এএম

সারা দেশের তাপমাত্রা খুব বেশি কমেনি। বরং কোনো কোনো এলাকায় সামান্য বেড়েছেও। বাতাসের গতি না থাকা, শুষ্ক আবহাওয়া এবং পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে। শুষ্ক আবহাওয়ার কারণে বেড়ে গেছে ধূলিকণার পরিমাণ। ফলে বায়ুদূষণে ভারতের রাজধানী দিল্লিকে টপকে আবারও এক নম্বরে উঠে এসেছে ঢাকার নাম।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাইবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী, গতকাল সোমবার ঢাকায় বায়ুদূষণের মানমাত্রায় আবারও সবার ওপরে উঠে এসেছে। এদিন বেলা ৩টার দিকে মানমাত্রা ২৬৯-এ উঠে আসে। যা গত রবিবার ছিল ২৩৮। বিশেষজ্ঞদের মতে, এ মানমাত্রা খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে আছে দিল্লি (২৬২) আর তৃতীয় অবস্থানে করাচি (২৪২)। এর আগে গত ২১ নভেম্বর ঢাকা দূষণে এক নম্বরে উঠে এসেছিল।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কামরুজ্জামান মজুমদার দেশ রূপান্তরকে বলেন, ঢাকায় ঘিঞ্জি পরিবেশের কারণে বাতাস চারদিকে ছড়াতে পারে না। এতে বাতাসে ধূলিকণার উপস্থিতি ভারী হচ্ছে। এছাড়া ফিটনেসবিহীন গাড়ি অধিক মাত্রায় কার্বন উৎপাদন করে। বস্তি এলাকায় কাঠের চুলায় সৃষ্ট ধোঁয়ায় আরেক দফা বাতাস ভারী হয়ে উঠছে।

এদিকে নদীর তীরবর্তী এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানায়, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশপাশ এলাকা পর্যন্ত অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে ১৪, যা গত রবিবার ছিল রাজশাহী বিভাগের বদলগাছিতে ১৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রবিবার ছিল ১৮ দশমিক ৪, গতকাল তা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহ বিভাগে ছিল ১৬ দশমিক ৪, গতকাল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস; চট্টগ্রামে ছিল ১৭ দশমিক ৫, গতকাল ১৭ দশমিক ২; সিলেটে গতকালও একই ১৭; রাজশাহীতে ছিল ১৪ দশমিক ৯, গতকাল ১৬ দশমিক ৬; রংপুরে একই ১৬ দশমিক ২; খুলনায় ছিল ১৭, গতকাল ১৬ দশমিক ৫ এবং বরিশালে ছিল ১৫ দশমিক ৬, গতকাল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, শীতের সময় বাতাসে থাকা জলীয় বাষ্পের সঙ্গে আর্দ্রতা মিশে কুয়াশার সৃষ্টি হয়। এর সঙ্গে শুষ্ক আবহাওয়ার কারণে ধূলিকণাও যুক্ত হওয়ায় কুয়াশা বেশি মনে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত