ডান হাতের আঙুলে অস্ত্রোপচার করাতে দুবাইয়ে উড়াল দিয়েছেন মুমিনুল হক। মঙ্গলবার সকাল ৯.৫৫ মিনিটে ফ্লাইট থাকলেও কুয়াশার কারণে অন্তত আধা ঘণ্টা দেরিতে যাত্রা করতে হয় তার উড়ানের যাত্রীদের।
জাতীয় দলের ক্রিকেটারদের লজিস্টিক সাপোর্ট দেয়া কর্মকর্তা ওয়াসিম খান বলেছেন, ‘সকাল ৯.৫৫ মিনিটে ছিল ফ্লাইট। কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইট আধা ঘণ্টা দেরিতে ছাড়ে।’
এদিন দুবাই পৌঁছালে বুধবার ক্রিকেটারের হাতের আঙুলে অস্ত্রোপচার করা হবে। এরপর ১১ তারিখ পর্যন্ত তার দুবাইতে থাকার কথা। ডাক্তার ছেড়ে দিলে ১১ তারিখই দেশে ফিরবেন মুমিনুল।
করোনাভাইরাসের কারণে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশে বিদেশি কেউ পৌঁছালে তাকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। কিন্তু দুবাইতে এই বাধ্যবাধকতা নেই। কারো রিপোর্ট নেগেটিভ থাকলেই হচ্ছে।
মুমিনুল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রাম দলে ছিলেন। কিন্তু দুই ম্যাচের বেশি খেলতে পারেননি। গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান। এতে তার আঙুলের হাড়ে চিড় ধরা পড়ে।
সেই চোট নিয়েই অবশ্য ব্যাটিংয়ে নামেন তিনি। ৭ বলে ৫ রান করে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন। এরপর জানা যায়, চোট সারাতে অস্ত্রোপচার লাগবে।
