‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ এর প্ল্যাটিনাম স্পনসর হয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি। সপ্তমবারের মতো আয়োজিত হতে যাওয়া ডিজিটাল ওয়ার্ল্ড এর সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হলো ই-কমার্স প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ইভ্যালি। এতে বলা হয়, প্রথমবারের মতো ভার্চুয়াল প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে আয়োজিত হতে যাওয়া এই আয়োজনে যুক্ত হলো ইভ্যালি। প্ল্যাটিনাম স্পনসর হিসেবে এই আয়োজনে থাকছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানের ফুড পার্টনার হিসেবে রয়েছে ইভ্যালির সহযোগী প্রতিষ্ঠান ই-ফুড।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ইভ্যালি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির এবং ইভ্যালির পরিচালক (কারিগরি) মো. মামুনুর রশীদ নিজ নিজ সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় ভিডিও এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর সফলতা কামনা করে এবং ইভ্যালির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুপরামর্শ এবং তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প, সক্ষমতা এবং অর্জনের গল্প গুলো তুলে ধরা হবে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ এ। ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সবাইকে ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
ইভ্যালির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখেছেন, সেটিকে বাস্তবায়ন করেছেন তার ওপর ভর করেই আমরা ই-কমার্স প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছি। কোভিড-১৯ করোনা সময়ে ই-কমার্স হিসেবে আমরা আমাদের সক্ষমতা দেখিয়েছি। ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এ পুরো দেশের এমন অনেক সক্ষমতা এবং সফলতার দিকগুলো তুলে ধরা হবে। প্রযুক্তি বিষয়ক দেশের সর্ববৃহৎ এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত, গর্বিত। আমাদের এই সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা এবং আইসিটি প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি সৈয়দ আলমাস কবীর, বিসিসির আঞ্চলিক পরিচালক মধুসূদন চন্দ, ইভ্যালির জনসংযোগ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ১০ ডিসেম্বর বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিনিস্ট্রিয়াল কনফারেন্স। এতে মূল বক্তা হিসেবে কী- নোট উপস্থাপনা দেবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
এছাড়াও পুরো আয়োজনে ২৪টি বিষয় ভিত্তিক সেমিনার, কনফারেন্স, প্রদর্শনী, ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা, ভার্চুয়াল মুজিব কর্নার এবং ভার্চুয়াল মিউজিক্যাল কনসার্ট এর মতো আয়োজন থাকছে।
১১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটায় সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের আসরের। প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের আয়োজনে দেশ-বিদেশ থেকে ১ মিলিয়নের অধিক দর্শনার্থী ও অংশগ্রহণকারী ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ ভার্চুয়াল প্ল্যাটফর্ম পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।
