১০ বছরের অভিমান ভুলে অনন্ত-ইফতেখার আনছেন নতুন সিনেমা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১০:৩৭ পিএম

পরিচালক ইফতেখার চৌধুরীর হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন অনন্ত জলিল ও বর্ষা। ‘খোঁজ-দ্য সার্চ’ ছবিটি মুক্তির ১০ বছর পেরিয়ে গেলেও নায়ক-পরিচালককে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। মূলত ভুল বোঝাবুঝি থেকে তৈরি অভিমানের কারণেই একে অপর থেকে দূরে ছিলেন তারা। তবে ১০ বছরের অভিমান ভুলে আবারো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন পরিচালক-প্রযোজক জুটি।

৭ নভেম্বর ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমার মহরতে এসে অনন্ত ঘোষণা দিলেন তার নতুন সিনেমার। ছবির নাম ‘নেত্রী-দ্য লিডার’। এই সিনেমার নেত্রী চরিত্রে দেখা যাবে বর্ষাকে। অনন্ত জলিলের প্রযোজনায় এটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। অভিনয় করবেন অনন্ত নিজেও।

অনন্ত বলেন, ‘ইফতেখার ভাই আমাকে ও বর্ষাকে নিয়ে ছবি নির্মাণ করেছিলেন। ১০ বছর তার সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝি ছিল, এটা মিডিয়ার অনেকেই জানেন। যে কারণে এতদিন আমরা একসঙ্গে কাজ করিনি। আমরা আবার ফিরছি। ছবিটি তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হবে।’

তিনি জানান, ছবির অন্য শিল্পীদের নাম আরও পরে ঘোষণা করা হবে। ইতিমধ্যে অনন্ত তুরস্ক গিয়ে ছবির কাজের বিষয়টি এগিয়েও নিয়েছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় অনুষ্ঠান করে বিষয়টি সবাইকে জানাবেন অনন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত