অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে প্রায় ১৫০ একর খাসজমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর কাট্টলী সার্কেলের অধীনে বঙ্গোপসাগর তীরবর্তী সিডিএ লিংক রোড এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব জমি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। তিনি বলেন, বঙ্গোপসাগরের তীরবর্তী উত্তর কাট্টলী এলাকার সংরক্ষিত বনাঞ্চলের পার্শ্ববর্তী প্রায় শতাধিক একর খাসজমি দখল করে দুটি ইটভাটা এবং বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড এলাকায় আরেকটি অবৈধ ইটভাটা গড়ে তোলা হয়েছিল। অভিযান চালিয়ে এ তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ১৫০ একর জমি উদ্ধার হয়। অভিযানে উদ্ধার খাসজমি দখলমুক্ত রাখতে সীমানা চিহ্ন এবং খুঁটি বসানো হয়েছে।
অভিযানে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা, র্যাব ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
