করোনাভাইরাসের প্রভাব

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০১:৪৩ এএম

করোনাভাইরাসের কারণে বিসিএসসহ সব সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধিসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ’। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

চার দফা দাবি হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করা; অমানবিক আবেদন ফি কমিয়ে তা (৫০-১০০) টাকার মধ্যে নির্ধারণ করা; নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া; ৩ থেকে ৬ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

লিখিত বক্তব্যে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল মিয়াজী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়তে হলে দেশের সব নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা একান্তই প্রয়োজন। একই সঙ্গে সেশনজটসহ আমাদের শিক্ষা-ব্যবস্থার কারণে যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে প্রায় ৩০ বছর বয়স পার করে ফেলেন সেই সব মেধাবী শিক্ষার্থীকে রাষ্ট্রের উন্নতির প্রয়োজনে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা একটি যৌক্তিক দাবি।

তিনি বলেন, যে সার্টিফিকেট অর্জন করতে ২৫-৩০ বছর সময় লেগে যায় সেই সার্টিফিকেটকে কীভাবে ৩০ এর শেকলে আটকে দিয়ে লাখ লাখ মেধাবী শিক্ষার্থীকে রাষ্ট্র মেয়াদহীন ঘোষণা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত