ঠাকুরগাঁও সীমান্ত

বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০২:১১ এএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বেতনা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার মশানডাঙ্গী গ্রামের আবদুল মজিদের ছেলে রবিউল ইসলাম এবং হরিপুরের বকুয়া গ্রামের ধাকু মোহাম্মদের ছেলে নাজির উদ্দিন। গতকাল ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের ৩৬৭ নম্বর পিলারের মানিকখারি এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করলে দেশটির কোয়ালীগড় বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানার ওসি মো. আওরঙ্গজেব দেশ রূপান্তরকে বলেন, ‘ভোরে উপজেলার বেতনা সীমান্ত দিয়ে রবিউল ইসলাম ও নাজির উদ্দিনসহ কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে রবিউল মারা যান। আর আহত অবস্থায় সহকর্মীরা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান নাজির উদ্দিনকে।’

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। এ ঘটনায় ওই সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া সীমান্তে গুলি করে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএসএফকে একটি প্রতিবাদলিপি পাঠানো হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত