আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) মামলায় বিচারিক আদালতেও জামিন পেয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি মুজিবর রহমান চৌধুরী নিক্সন। গতকাল মঙ্গলবার ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়া ২ হাজার টাকা মুচলেকায় তার জামিন দেন।
আদালতে নিক্সনের জামিনের পক্ষে শুনানি করেন তার আইনজীবী শামসুল হক ভোলা মাস্টার। রাষ্ট্রপক্ষ বিরোধিতা না করায় বিচারক নিয়মিত জামিনের আদেশ দেন।
পরে নিক্সন চৌধুরী সাংবাদিকদের জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন ইসি বাতিল করেছে। ফলে এ মামলাটির আর কোনো গুরুত্ব রয়েছে কি-না তা আদালত বিবেচনা করবে মনে করেন তিনি।
গত ১৫ অক্টোবর চরভদ্রাসন থানায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মামলাটি করেন জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। এরপর ২০ অক্টোবর হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন নিক্সন চৌধুরী। হাইকোর্টের বিচারপতি শেখ জাকির হোসেন ও কে এম জাহিদ সরোয়ার এ জামিন মঞ্জুর করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।
গত ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেযারম্যান পদে উপনির্বাচন হয়। গত রবিবার নির্বাচন কমিশন এ উপনির্বাচন বাতিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
