তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে দূত

আমিরাতেও রয়েছে শতবছরের পুরনো অনেক ভাস্কর্য

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০২:২৮ এএম

সংযুক্ত আরব আমিরাতে শতবছরের পুরনো অনেক ভাস্কর্য রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির মিশনপ্রধান আবদুল্লাহ আলি আলমউদি। তিনি বলেছেন, ‘আমিরাতের ভাস্কর্যগুলো আমাদের দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ, যা পরিবর্তনের কোনো বিষয় নেই।’ গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন একই বছর ১৯৭১ সালে ইউএই ও বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ইউএই প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। আমাদের দেশ গঠনের ক্ষেত্রেও শুরু থেকেই আরব আমিরাতের অনেক ভূমিকা ছিল। সেখানে আমাদের লাখ লাখ কর্মী বিভিন্ন পেশায় অনেক স্বাধীনভাবে কাজ করছে। বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা আরও সহজীকরণের বিষয়টিও আলোচনায় এসেছে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের মিরসরাইতে যে বঙ্গবন্ধু শিল্পনগরী হচ্ছে, ইউএইর পক্ষ থেকে ইতিমধ্যেই সেখানে ইকোনমিক জোনের জন্য তারা জায়গা চেয়েছে এবং তাদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার জন্য অনুরোধ জানিয়েছি। এছাড়া আমার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সম্মানে ১০০ একরের বেশি জায়গা দেওয়া হয়েছে। সেখানে একটি মেটারনিটি হাসপাতাল ও নার্সিং ট্রেনিং সেন্টার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানাসহ আর কী স্থাপনা তৈরি হতে পারে সে বিষয়েও আমরা আলোচনা করেছি।’

আমিরাতের মিশনপ্রধান আবদুল্লাহ আলি আলমউদি এ সময় বাংলাদেশের সঙ্গে তার দেশের ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছেন বলে জানান। বৈঠককালে সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, তথ্য সচিব খাজা মিয়া এবং মন্ত্রীর দপ্তর ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত