কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কথা বিবেচনা করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের বাকি ম্যাচগুলো শুরুর সময় এগিয়ে আনা হয়েছে।
বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
এমনিতে শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিন প্রথম ম্যাচ শুরুর সময় ছিল দুপুর দেড়টা। দ্বিতীয় ম্যাচ সাড়ে ৬টা। এখন সেটি এক ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে।
আসরে লিগ পর্বে আর চারটি খেলা বাকি। ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
১৪ ডিসেম্বর এলিমিনেটর ম্যাচ ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ দুটিও এই সময়ে শুরু হবে।
১৫ ডিসেম্বর একটি খেলা। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি শুরু হবে সাড়ে ৪টায়। ১৮ ডিসেম্বরের ফাইনাল শুরুর সময়ও সাড়ে ৪টা।
