পিসিবির চেয়ে বিসিসিআই অনেক ভালো: কানেরিয়া

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১১:৫৮ পিএম

আরেকবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) একহাত নিলেন দানিশ কানেরিয়া। পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার বলেছেন, পিসিবির চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনেক ভালো।

৩৯ বছর বয়সী কানেরিয়া বলছেন, নিজেদের প্রমাণ করার জন্য দেশ ছেড়ে অন্তত বিদেশে পাড়ি জমাতে হয় না ভারতের ক্রিকেটারদের। তার মতে, পাকিস্তান ক্রিকেটাররা দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে চাইলেও পিসিবি তাদের রেখে দেওয়ার কোনো উদ্যোগ নেয় না। বিসিসিআই এ ক্ষেত্রে পিসিবি-র উল্টো মেরুর বাসিন্দা। এই কারণেই কানেরিয়া ভূয়সী প্রশংসা করেছেন বিসিসিআইয়ের।

যুক্তরাষ্ট্রে হবে মেজর লিগ ক্রিকেট। সেই টুর্নামেন্ট খেলতে পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন ২৪ বছরের ওপেনার সামি আসলাম। উদ্দেশ্য একটাই, মেজর লিগ ক্রিকেটে ভাল পারফরম্যান্স করে সেই দেশের জাতীয় দলের দরজা খোলা।

আর এই ঘটনার জন্যই পিসিবির উপরে চটেছেন কানেরিয়া। বলেছেন, ‘সামি আসলামের ধারাবাহিকতা রয়েছে। ওর উপরে অবিচার করা হয়েছে। শান মাসুদ ও ইমাম-উল-হক যেমন সুযোগ পেয়েছে, সামি সেভাবে সুযোগই পায়নি। মাত্র ১৩টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলেছে দেশের হয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের সঙ্গে এমন ব্যবহার করে যাতে তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত