সাপ্তাহিক একতার সম্পাদক ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এ এন রাশেদা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার শ্বাসকষ্ট শুরু হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। উদীচী বাড্ডা থানার সহসভাপতি শান্তনু কুমার দাশ দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, এ এন রাশেদা ৫ ডিসেম্বর থেকে জ্বরে আক্রান্ত ছিলেন। গত সোমবার করোনা পরীক্ষার জন্য তার নমুনা জমা দেওয়া হয়। পরদিন শ্বাসকষ্ট শুরু হলে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
নটর ডেম কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক এ এন রাশেদার বয়স ৭১ বছর। তিনি সাপ্তাহিক একতা ও মাসিক শিক্ষাবার্তার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীরও সহসভাপতি তিনি।
