‘কক্সবাজার থেকে ভাসানচরে ভালো আছে রোহিঙ্গারা’

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০২:১০ এএম

কক্সবাজার থেকে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গারা কয়েক হাজার গুণ ভালো আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। তিনি বলেছেন, যত দিন রোহিঙ্গারা সম্মানের সঙ্গে দেশে ফেরত না যায়, তত দিন তাদের প্রতি রেডক্রিসেন্টের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। গতকাল বুধবার ভাসানচর পরিস্থিতি সরেজমিন দেখে এসে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

গতকাল দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে মতবিনিময়কালে রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বলেন, রেডক্রিসেন্টের কাজ হচ্ছে বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে যাওয়া। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম এখন বিশ্বে প্রশংসনীয়। বিভিন্ন জরিপমতে, দুই লাখ স্বেচ্ছাসেবক মানবসেবায় কাজ করছে। ২০১৭ সাল থেকে কক্সবাজারে রোহিঙ্গাদের বিভিন্ন ধরনের মানবিক সহায়তা দিয়ে আসছে রেডক্রিসেন্ট। ভাসানচরেও স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন, ফুড, নন ফুড আইটেমসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হবে। ইতিমধ্যে সেখানে ভাসানচরে ৫০০ পরিবারের জন্য হাইজিন কিট, ডিগনিটি কিট, স্লিপিং ম্যাটস, কম্বল ও পানির জেরিকেন ত্রাণ বিতরণ করা হয়েছে।

রেডক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ ছালামের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. হাবিবে মিল্লাত, ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. শেখ শফিউল আজম, অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত