টিআইবির ভার্চুয়াল সভায় বক্তারা

দেশে দুর্নীতি সুনীতি মিলে একাকার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০২:২৮ এএম

দুর্নীতি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। দুর্নীতি দমন কমিশনেও (দুদক) দুর্নীতি রয়েছে। বর্তমানে দেশে দুর্নীতি-সুনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে।

গতকাল বুধবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনের অংশ হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ভার্চুয়াল সভায় বক্তারা এ সব কথা বলেন।

টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. পারভীন হাসান বলেন, ‘দুদক ঠিকমতো কাজ করলে টিআইবির দরকার ছিল না। কিন্তু দুদকেও দুর্নীতি রয়েছে, সর্ষের মধ্যেই ভূত। দুর্নীতি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে।’

টিআইবির ট্রাস্টি সদস্য লেখক ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘আমরা দুর্নীতিগ্রস্তদের ভোট দিয়ে নির্বাচিত করছি। তারা সংসদে চলে যাচ্ছেন। বর্তমানে দুর্নীতি-সুনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের বোধ শানিত হয়নি। সমাজের দিকে তাকালেও দেখব আমরা দৈনন্দিন জীবনে সত্য-মিথ্যা গুলিয়ে ফেলছি।’

টিআইবির ন্যায়পাল ও কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে শুধু পাঠ্যপুস্তকে নয়, এটিকে দৈনন্দিন জীবনের অংশ করতে হবে।’

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতি রোধে আইনের দরকার, বিচারের দরকার রয়েছে। কিন্তু আমরা মনে করি, দেশের জনগণ সচেতন না হলে দুর্নীতি দমন করা সম্ভব নয়।’

দিবসটি পালনে টিআইবি নানা কর্মসূচি পালন করে। এর মধ্যে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠনের (জেইউডিও) সঙ্গে অনলাইনে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী কার্টুন ও চিত্রশিল্প প্রতিযোগিতা ইত্যাদি। কার্টুন ও চিত্রশিল্প প্রতিযোগিতায় সারা দেশ থেকে ১৩০ কার্টুনিস্ট অংশ নেন। দুটি গ্রুপের প্রথম স্থান অর্জনকারীরা ৭৫ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীরা ৫০ হাজার, তৃতীয় স্থান অধিকারীরা ৪০ হাজার টাকা এবং একটি ক্রেস্ট ও সনদ পান।

এ ছাড়া স্থানীয় পর্যায়ে টিআইবির অনুপ্রেরণায় ৪৫টি অঞ্চলে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ নানা কর্মসূচি পালন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত