সাব্বিরের রানে ফেরা, রবির ৫ উইকেট, শেষ চারে ঢাকা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০৭:২২ পিএম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অবশেষে ব্যর্থতার বৃত্ত ভাঙলেন সাব্বির রহমান। জেমকন খুলনার বিপক্ষে পেলেন ফিফটি। সেটা স্বভাবসুলভ ব্যাটিংয়ে। পরে রবিউল ইসলাম রবি বল হাতে নিলেন ৫ উইকেট। টুর্নামেন্টেই এমন কীর্তি প্রথম। এই দুইয়ের নৈপুণ্যে বেক্সিমকো ঢাকা ২০ রানে ম্যাচ নিজেদের করল। একই সঙ্গে টুর্নামেন্টের শেষ চারও নিশ্চিত হলো দলটির।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৯ রান করে ঢাকা। জবাবে ৩ বল বাকি থাকতেই খুলনা গুটিয়ে যায় ১৫৯ রানে।

রবির ঘূর্ণিতে পরাস্ত হয়েছে খুলনার ব্যাটাররা। এই অফ স্পিনিং অলরাউন্ডারের শিকার ২৭ রানে ৫ উইকেট। রুবেল হোসেন ও মুক্তার আলি নিয়েছেন ২টি করে উইকেট।

খুলনার পক্ষে জহুরুল ইসলাম অমি ৩৬ বলে ৫৩ রান করেন ৪ চার ও ২ ছক্কায়। এ ছাড়া শামিম হোসেন ২৪ ও মাহমুদউল্লাহ রিয়াদ ২৩ রান করেন।

এর আগে ঢাকার ইনিংসে একমাত্র ফিফটি সাব্বিরের। ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করেছেন তিনি। এ ছাড়া মোহাম্মদ নাঈম ১৭ বলে ৩৬, আল-আমিন ২৫ বলে ৩৬, আকবর আলী ১৪ বলে ৩১ রান করেন।

খুলনার পক্ষে সর্বাধিক ২ উইকেট নেন শহিদুল ইসলাম। ম্যাচসেরা হয়েছেন সাব্বির রহমান।

সংক্ষিপ্ত স্কোর

বেক্সিমকো ঢাকা

১৭৯/৭ (২০ ওভার) (নাঈম ৩৬, সাব্বির ৫৬, আল-আমিন ৩৬, আকবর ৩১; শহিদুল ২/৩১)

জেমকন খুলনা

১৫৯/১০ (১৯.৩ ওভার, লক্ষ্য ১৮০) (জহুরুল ৫৩, মাহমুদউল্লাহ ২৩, শামিম ২৪, হাসান ১৫*; রবি ৫/২৭, রুবেল ২/৩০, মুক্তার ২/৩৫)

ফল: ঢাকা ২০ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: সাব্বির রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত