'নারীর প্রতি সহিংসতা' বিষয়ে অপরাজিতা সংগীতার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ছাড়পত্র'-র ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো বেলজিয়ামে। জাতিসংঘ কর্তৃক আয়োজিত 'বিশ্বজুড়ে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা দূরীকরণের আন্তর্জাতিক দিবস'-এর অংশ হিসেবে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইন শুরু হয়েছে ২৫ নভেম্বর থেকে; শেষ হয় ১০ ডিসেম্বর। শেষ দিন অনলাইনে 'ছাড়পত্র' চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারের আয়োজন করেছে বেলজিয়ামের 'মানবতা কালেক্টিভ ভি জেড ডব্লিউ'।
একজন নারীর প্রতিবাদের গল্প 'ছাড়পত্র'। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ছাড়পত্র'-র কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অপরাজিতা সংগীতা।
তিনি বলেন, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ নানাভাবেই আমরা করে থাকি। আমার পেশাগত জায়গা থেকে এই ছবিটি নির্মাণ করেছি নারীর জন্য অনিরাপদ এই সমাজের বিরুদ্ধে চলচ্চিত্রের মাধ্যমে প্রতিবাদটা জারী রাখতে।
'ছাড়পত্র' চলচ্চিত্রে অভিনয় করেছেন নওশাবা আহমেদ, জয়িতা মহলানবীশ, নাফিস আহমেদ, বাবর আলী, বুলু বারী, পিংকী, শুভ্রা, ইভা, মারসাদ, সুপ্রভাত, জিহাদ, শ্রবণ ও বাক প্রতিবন্ধী সিনহা এবং শিশুশিল্পী টিমটিম। 'ছাড়পত্র' প্রযোজনা করেছে সাত রঙ মিডিয়া।
