করোনায় মারা গেলেন সেলিম খান

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১১:০০ পিএম

সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘সংগীতা’র কর্ণধার সেলিম খান (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান। তিনি জানান, গত শুক্রবার করোনাভাইরাস পজিটিভ আসার পর অবস্থার অবনতি হলে বুধবার থেকে সেলিম খানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবির মহাসচিব ও সিএমভির কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের সংগীত ইন্ডাস্ট্রি গড়ে ওঠার পেছনে সেলিম ভাইদের অবদান সিংহভাগ। তার মতো মানুষদের মেধা, অর্থ, শ্রমের বিনিময়ে আজকের এই বিশাল ইন্ডাস্ট্রি হয়েছে। তার এই অকালে চলে যাওয়া আমাদের অনেক ক্ষতির কারণ হলো। দোয়া করি, সেলিম ভাই যেখানেই থাকুন, ভালো থাকুন।’ ৮০-র দশকে সেলিম খানের হাত ধরে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার জন্ম। রাজধানীর পাটুয়াটুলী তথা বাংলাদেশের সবচেয়ে বড় সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে সংগীতা নিজের অবস্থান ধরে রাখে টানা চার দশক। প্রতিষ্ঠানটি এখনো প্রযোজনা অব্যাহত রেখেছে। ধারণা করা হয়, এ পর্যন্ত দেশের সবচেয়ে বড় সংগীত ক্যাটালগ তৈরি হয়েছে সংগীতা তথা সেলিম খানের ব্যানারে।‘

×
সর্বশেষ সর্বাধিক পঠিত