মাঠে মাশরাফী, সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক। কিন্তু সব আলো কেড়ে নিলেন রবিউল ইসলাম রবি। এই অফস্পিনারের ৫ উইকেটে প্লে-অফের পথ দেখল বেক্সিমকো ঢাকা। গতকাল বঙ্গবন্ধু কাপে দিনের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে আমন্ত্রিত ঢাকা ৭ উইকেটে করে ১৭৯ রান। ২৭ রানে ৫ উইকেট নিয়ে জেমকন খুলনাকে ১৫৯ রানেই আটকে দেন রবি।
এই খুলনার বিপক্ষেই ৩০ নভেম্বর বঙ্গবন্ধু কাপের প্রথম ম্যাচ খেলেছিলেন রবি। ১ ওভার বল করার সুযোগ পেয়ে ৭ রান দেন। ম্যাচটি হারে ঢাকা। কিন্তু পরের ম্যাচে তার বোলিংয়েই প্রথম জয় পায় ঢাকা। ৪ উইকেটে বরিশালকে ১০৮ রানে রুখে দিয়েছিলেন তিনি। সেই থেকে ঘুরে দাঁড়ানো শুরু ঢাকার। এরপর টানা চতুর্থ জয় পেল তারা রবির হাতেই। ৫ ম্যাচে তার শিকার এখন ১২।
মিডিয়াম পেসে মাশরাফী এক প্রান্তে খুলনার বোলিংয়ের শুরুটা দারুণ করলেও অন্য প্রান্তে সাকিবের প্রথম ওভার থেকেই ৪ ছক্কায় নাঈম শেখ তুলে নেন ২৬ রান। সাব্বিরের সঙ্গে ২৩ বলে ৪১ রানের উদ্বোধনী জুটির ৩৬ রানই এনে দেন নাঈম। আল-আমিনের সঙ্গে দ্বিতীয় উইকেটে আরও ৬৪ রান এনে দেন দীর্ঘদিন পর রানের দেখা পাওয়া সাব্বির। ১০ বলের মধ্যে আল-আমিন, অধিনায়ক মুশফিক ও ইয়াসির আলিকে হারালেও দমেননি তিনি। যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলিকে নিয়ে এগিয়ে যান। আউট হয়েছেন ১৭তম ওভারে দলকে ১৬৬ রানে পৌঁছে দিয়ে। ৩৮ বলে ৫৬ রান করেছেন ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায়। ১৪ বলে ৩১ রান করেন আকবর।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। রবি নিজের প্রথম ওভারে ওপেনার জাকির হাসানকে তুলে নেওয়ার পর সাকিব আল হাসানকেও আউট করেন। তৃতীয় উইকেটে আরেক ওপেনার জহুরুল ইসলাম অমির সঙ্গে ৪৮ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামলে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে ভালো কিছুর ইঙ্গিত দিয়ে লংঅনে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১৭ রানে ৪ উইকেটের ধস নামে খুলনার ইনিংসে। এর মধ্যে ছিলেন ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান তোলা অমিও। রবি ও রুবেল মিলে উইকেট নিয়ে খুলনার লক্ষ্য তাড়া করা কঠিন করে তোলেন।
পুরো টুর্নামেন্টে বাজে ব্যাটিং করা সাকিব এদিনও হন ব্যর্থ। ৩ নম্বরে নেমে ৭ বলে করেন মাত্র ৮ রান। ম্যাচ শেষে বললেন, এভাবে হারতে থাকলে গুরুত্বপূর্ণ সময়ে মোমেন্টাম হারিয়ে ফেলবেন তারা, ‘টি-টোয়েন্টি যেহেতু মোমেন্টামের খেলা তিন দিনের দুই হারে একটা প্রভাব পড়তেই পারে। সুতরাং আমরা আবার পুনর্গঠিত হয়ে নতুন করে শুরুর চেষ্টা করব। যেহেতু একটা ম্যাচের ব্যাপার, আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে ভালো ফল সম্ভব।’
সংক্ষিপ্ত স্কোর
বেক্সিমকো ঢাকা : ২০ ওভারে ১৭৯/৭ (সাব্বির ৫৬, আল-আমিন জুনিয়র ৩৬, নাঈম ৩৬, আকবর ৩১; শহিদুল ২/৩১, হাসান ১/২৩, মাশরাফী ১/২৬, নাজমুল ১/৫১)। জেমকন খুলনা : ১৯.৩ ওভারে ১৫৯ (জহুরুল ৫৩, শামিম ২৪, মাহমুদউল্লাহ ২৩; রবি ৫/২৭, মুক্তার ২/৩৫)।
ফল : বেক্সিমকো ঢাকা ২০ রানে জয়ী।
ম্যাচসেরা : সাব্বির রহমান।
