অস্ট্রেলিয়া-ভারত সিরিজে যেকেউ জিততে পারে বলে মনে করেন শচিন টেন্ডুলকার। ক্যারিয়ারের ২০০ টেস্টের ৩৯টি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা শচিন বলেন, ‘দুটি দলেই দারুণ ভারসাম্য আছে। আমার মতে, খুবই ‘ওপেন’ সিরিজ। যেকেউ জিততে পারে। দুটি দলেরই খুব ভালো ব্যাটিং রয়েছে, দারুণ বোলিং আক্রমণ রয়েছে। ভালো লড়াই হবে, সিরিজের ভাগ্য যেকোনো দিকে যেতে পারে।’ ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে প্রথম টেস্ট হবে দিবারাত্রির। মাত্র একটি দিবারাত্রির ম্যাচ খেলা ভারত কেমন করবে সে ম্যাচে? শচিন বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে খেলাটা সব সময়ই বড় পরীক্ষা। সেদিক বিবেচনা করলে নতুন কিছু নয়। ক্রিকেটীয় এবং মানসিক প্রস্তুতি থাকা উচিত। এবারের নতুনত্ব হচ্ছে, প্রথমেই দিনরাতের টেস্ট। তার জন্য তৈরি থাকা দরকার।’ এর আগে বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে দিবারাত্রির টেস্ট খেলেছে ভারত। অভিজ্ঞতার দিক দিয়ে পিছিয়ে থাকবে কি-না এমন প্রশ্নের উত্তরে শচিনের জবাব ছিল এমনÑ না খেললে তো অভিজ্ঞতা কখনই হবে না। দিন-রাতের টেস্ট আগে যত খেলা থাকত, ঘটনা হচ্ছে অস্ট্রেলিয়াতে এটা আমাদের দলের প্রথম দিন-রাতের টেস্ট হতে যাচ্ছে। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের দল বহুদিন টেস্ট ক্রিকেট খেলেনি।’ তবে উপযুক্ত প্রস্তুতি নিয়েই ভারত নামবে বলে মত দেন শচিন। অস্ট্রেলিয়ায় সফল হওয়ার টোটকা শচিনের মতে স্কোর বোর্ডে রান। বেশি রান তুলতে পারবে যে দল তারাই এগিয়ে থাকবে। তিনি বলেন, ‘আমার মনে হয়, অস্ট্রেলিয়ায় জিততে গেলে বড় রান তুলতে হবে। লক্ষ করে দেখবেন, আমরা যখনই ওখানে সফল হয়েছি, প্রধান কারণ ছিল আমরা বড় স্কোর তুলতে পেরেছিলাম। যার ফলে ওদের ওপরও চাপ তৈরি করা গিয়েছিল। যখন আমরা সেটা পারিনি, ফলটাও আমাদের পক্ষে যায়নি। তাই এটা নিয়ে আমার মনে কোনো সংশয় নেই যে, অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে গেলে বোর্ডে বড় রান চাই।’
অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়ে চিন্তিত স্মিথ
১৭ ডিসেম্বর থেকে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট অস্ট্রেলিয়ার। অ্যাডিলেডে দিবারাত্রির এই ম্যাচে কুঁচকির ইনজুরির জন্য খেলতে পারবেন না ৮৪ টেস্টের অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার। তাকে ছাড়া কঠিন ভারতীয় পেস আক্রমণের সামনে বেশ পরীক্ষা দিতে হবে অজিদের। স্টিভেন স্মিথের মতে, পরীক্ষাটা হবে তাদের ব্যাটিং গভীরতার। একে তো ওয়ার্নার নেই। তার ওপর এই ওপেনারের জায়গায় যাকে খেলানোর কথা হচ্ছিল সেই উইল পুকোভস্কিরও মৃদু কনকাশনের শিকার। প্রথম টেস্টের আগে খেলার মতো ফিট হবেন কি-না তা অনিশ্চিত। তাই জো বার্নসের সঙ্গে মার্কাস হ্যারিসকে ওপেনে দেখা যেতে পারে। স্মিথ বলেন, ‘ওয়ার্নার না থাকায় আমাদের ব্যাটিং গভীরতার পরীক্ষা হবে। এতে নতুন কিছু ক্রিকেটারের সুযোগ হবে। তবে এতে ভালো মানের ভারতীয় বোলিংয়ের সামনে আমাদের দারুণ পরীক্ষা হবে। গত সফরে ভারত এমসিজিতে আমাদের হারিয়েছিল। এবারও তারা জেতার মতো দল। অবশ্যই সিরিজটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ ইন্টারনেট।
