২০১৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন করিয়েছিলেন হোসে মরিনহো। এবার তিনি টটেনহ্যাম হটস্পারকে নিয়ে ইউরোপের দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতার শেষ ৩২ দলের রাউন্ডে। সেই রাউন্ডে ম্যানইউ, যারা খেলছিল চ্যাম্পিয়নস লিগে। কিন্তু কঠিন গ্রুপে পিএসজি ও লাইপজিগের সঙ্গে পেরে না ওঠায় তৃতীয় হয়ে ইউরোপা লিগে।
এই প্রক্রিয়াটা ক্রীড়া সততার দিক দিয়ে ঠিক নয় বলে সমালোচনা করেছেন বিশ্বের অন্যতম সেরা কোচ মরিনহো। ‘মানছি (চ্যাম্পিয়নস লিগে খেলা দল) এতে (ইউরোপার) মান উন্নত হবে, খেলাটা গতিশীল হবে। কিন্তু ক্রীড়া সততার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক নয় যে একটি প্রতিযোগিতা ভালো করতে ব্যর্থ দলকে আপনি আরেকটি খেলার সুযোগ করে দেবেন’ বলেছেন তিনি।
এদিকে পিএসজির ম্যাচে চতুর্থ রেফারির করা বর্ণবাদমূলক মন্তব্য সম্পর্কে মরিনহো বলেন, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। যেকোনো ধরনের বর্ণবাদই গ্রহণযোগ্য নয়। আমি খুবই দুঃখিত, কারণ আমরা ফুটবলে এমনটি (ঘটুক) চাই না। আমি ব্যক্তিগতভাবে ওই রেফারিকে চিনি। চতুর্থ অফিশিয়ালকে চিনি না। রেফারি যিনি ছিলেন তিনি ভালো মানুষ। ভালো রেফারি।’ চতুর্থ অফিশিয়াল সম্পর্কে মরিনহো বলেছেন, তিনি ক্ষমা চাইতে পারেন। ‘চতুর্থ অফিশিয়াল তার মনের ভাব প্রকাশ করতেই পারেন, কিন্তু তিনি ক্ষমার অযোগ্য একটি ভুল করেছেন। এখন তিনি চাইলে হৃদয় থেকে ক্ষমা চাইতে পারেন। যদি আপনি কোনো ভুল করেন সেই দায়িত্ব নিজের কাঁধে নেওয়া উচিত। ১৫ মিনিটের মধ্যে ম্যাচ বন্ধ হয়ে যাওয়া দুঃখজনক। আশা করছি আর কখনো এমনটি হবে না।’
