রাজধানীর উত্তরায় মাস্ক ব্যবহার না করায় ১৩ জনকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, জনসাধারণকে মাস্ক পরিধানে উৎসাহিত করতে র্যাব কাজ করে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র্যাব-১-এর একটি দল উত্তরার রাজলক্ষ্মী, আজমপুর, হাউজ বিল্ডিং এবং আব্দুল্লাহপুর এলাকায় জনস্বাস্থ্য রক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাদির শাহর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাস্ক পরিধান না করায় দন্ডবিধি ১৮৬০-এর ১৬৯ ধারা মোতাবেক ১৩ জনকে মোট ২১০০ টাকা জরিমানা করে।
×
