শুক্রবার সকালে ফেইসবুক কর্তৃপক্ষ বাংলাদেশ এবং ভিয়েতনামের তিনটি হ্যাকিং গ্রুপকে নিষিদ্ধ করে। এর মধ্যে বাংলাদেশের দুটি গ্রুপের নাম হচ্ছে, “Don’s Team” এবং CRAF বা Crime Research and Analysis Foundation.
বিবৃতিতে জানানো হয়েছে, উল্লিখিত দুটি বাংলাদেশি গ্রুপের বিরুদ্ধে ফেইসবুকের নেটওয়ার্কের অপব্যবহার করে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ নেয়া (হ্যাক), সেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে আপত্তিকর, উসকানিমূলক পোস্ট দেওয়া, ক্ষতিকর ম্যালওয়্যার ছড়ানোর প্রমাণ পেয়েছে ইন্টেলিজেন্স দল।
‘বাংলাদেশভিত্তিক দলটির লক্ষ্য স্থানীয় অ্যাকটিভিস্ট, সাংবাদিক ও সংখ্যালঘু ব্যক্তিরা। একই সঙ্গে যারা প্রবাসে থাকেন তারাও। নীতিমালা ভঙ্গ করে তাদের অ্যাকাউন্টের দখল নেওয়া হয়,’ লিখেছে ফেইসবুক।
ফেইসবুকের অনুসন্ধানে এ রকম সাইবার গুপ্তচরবৃত্তিতে “Don’s Team” এবং CRAF যৌথভাবে কাজ করার প্রমাণ পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।
ফেইসবুকের বিবৃতিতে বলা হয়েছে, ডন’স টিম ও ক্র্যাফ একসঙ্গে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টের ব্যাপারে ফেইসবুকে রিপোর্ট করে থাকে, যাতে উল্লেখ করা হয় সেই অ্যাকাউন্টগুলো ফেইসবুকের নীতিমালা ভঙ্গ করছে, মেধাসম্পদ আইন অমান্য করছে, নগ্নতা, সন্ত্রাসবাদ ইত্যাদি ছড়াচ্ছে। তারা মানুষের অ্যাকাউন্ট ও পেজ হ্যাক করছে এবং কোনো কোনো অ্যাকাউন্ট ও পেজের দখল নিয়ে সেগুলোকে নিজের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করছে বলেও এই বার্তায় উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইলিনয়ে সেকশন ৫০১(সি)(৩) এর অধীনে ননপ্রফিট সংস্থা হিসেবে নিবন্ধিত BD FactCheck অনুসন্ধান করে দেখেছে, Don’s Team এর সদস্যরা বাংলাদেশে অতি সম্প্রতি ফ্যাক্ট চেকিং কার্যক্রম শুরু করা একটি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গেও জড়িত!
বাংলাদেশর প্রথম ফ্যাক্ট অনুসন্ধানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের পরিচয় দেয়া বিডি ফ্যাক্টচেক লিখেছে, গত মার্চ মাসে অনলাইনে যাত্রা শুরু করে Rumor Scanner নামে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান। তাদের ফেইসবুক পেজে নিজেদের পরিচয় সম্পর্কে লেখা রয়েছে, “Rumor Scanner is an independent bangladeshi fact checking organization. Our aim to bring people the truth behind the viral rumor.”
rumorscanner.com নামে তাদের একটি ওয়েবসাইট রয়েছে, যেখানে এটির প্রতিষ্ঠাতা হিসেবে Sumon Ahmed এর নাম রয়েছে।
ফেইসবুক কর্তৃক ব্যান হওয়া Don’s Team এর ওয়েবসাইট www.donsteam.org-এও প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছে Sumon Ahmed. দুটি ওয়েবসাইটেই তার ছবি দেয়া থাকলেও ছবিটির চেহারা ঢেকে দেয়া।
এছাড়া Don’s Team এর ওয়েবসাইটে আরও দুই ব্যক্তির নাম রয়েছে হিউম্যান রিসোর্স হেড এবং হিউম্যান রিসোর্স ম্যানেজার হিসেবে; তাদের নাম যথাক্রমে HR Sohag এবং Ovi Zaman.
HR Sohag এবং Ovi Zaman এই দুই ব্যক্তি Rumor Scanner-এর পরিচালনায়ও রয়েছেন। সেখানে Ovi Zaman এর পরিচয় হচ্ছে Deputy Editor এবং HR Sohag এর পরিচয় Fact-Checker.
রিউমার স্ক্যানার-এর ওয়েবসাইটে তাদের টিমের সব সদস্যের ফেইসবুক আইডির ইউআরএল দেয়া রয়েছে। কিন্তু এসব ইউআরএল-এ ক্লিক করলে দেখা যায় আইডিগুলো এখন আর ফেসবুকে নেই।
Rumor Scanner-এ HR Sohagএর সংক্ষিপ্ত বায়ো-তে লেখা রয়েছে, “HR Shohag is the investigator and fact checker at Rumor Scanner and works to stop the spread of disinformation and misinformation. He’s the in-charge of Cyber Tribune, popular cyber crime news platform of bangladesh. Also, he’s working in crime research and analysis foundation – craf as cyber expert.”
অর্থাৎ তিনি ফেইসবুক কর্তৃক ব্যান হওয়া Don’s Team এর পাশাপাশি আরেক ব্যান হওয়া CRAF এর কার্যক্রমের সাথেও জড়িত।
Don’s Team এবং Rumor Scanner এ দুটি উদ্যোগ প্রজন্ম ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান।
প্রজন্ম ফাউন্ডেশনের ওয়েবসাইটে (projonmofoundation.com) Don’s Team এবং Rumor Scanner-কে “OUR CHILD ORGANIZATIONS” হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রজন্ম ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা হলেন Sumon Ahmed, যিনি ডন’স টিম এবং রিউমার স্ক্র্যানার-এরও প্রতিষ্ঠাতা।
