এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরার তালিকায় নাম ওঠা ‘ফাগুন হাওয়ায়’র পর নতুন চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছেন তৌকীর আহমেদ। তার নতুন সিনেমার নাম ‘স্ফুলিঙ্গ’। গতকাল থেকেই গাজীপুরে নিজের রিসোর্ট ‘নক্ষত্রবাড়ি’তে এর শ্যুটিং শুরু করেছেন তৌকীর আহমেদ। তিনি সব সময় প্রথম সারির তারকা নিয়েই সিনেমা করেন। তবে তারকা হলেও যারা পরীক্ষিত অভিনেত্রী তারাই সুযোগ পান এই পরিচালকের সিনেমায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে কাজের বিষয়টি দর্শকের কাছে কিছুটা নতুনই বটে। সিনেমার দুটি কেন্দ্রীয় চরিত্রের একটিতে অভিনয় করবেন সদ্য ফোর্বস ম্যাগাজিনের ১০০ ডিজিটাল তারকার তালিকায় জায়গা করে নেওয়া ঢালিউডের গ্ল্যামার গার্ল পরীমনি। অন্য চরিত্রটি করবেন জাকিয়া বারী মম। এর মাধ্যমে দীর্ঘ ১৩ বছর পর আবার তৌকীরের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন মম। মম এই পরিচালকের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমেই অভিনয় জগতে নাম লেখান। সেই সিনেমায় হুমায়ূন আহমেদ-সৃষ্ট অনবদ্য চরিত্র জরির ভূমিকায় অভিনয় করে প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান মম। এটি প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘স্ফুলিঙ্গ মুজিববর্ষের সিনেমা। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি ব্যান্ডদল ও তাদের সদস্যদের গল্পে নির্মিত হবে আমার নতুন সিনেমাটি। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে এটি নির্মাণ করছি। বঙ্গবন্ধুর কর্মজীবন, তার আদর্শ এবং তিনি যে বাংলাদেশ জাতির স্থপতি বিষয়টি আরেকবার তরুণসমাজের কাছে তুলে ধরতে চাই। আজকের তারুণ্য ও মুক্তিযুদ্ধের সময়কার তারুণ্যকে এতে তুলে ধরা হবে।’
গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাবে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার অভিনয়শিল্পী পরিচিতি অনুষ্ঠান হয়ে গেল। সেখানে পরী উপস্থিত থাকলেও শুটিংয়ের ব্যস্ততায় উপস্থিত ছিলেন না মম। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, শ্যামল মওলা প্রমুখ। এতে আবুল হায়াতও অভিনয় করবেন।
মম বলেন, ‘তৌকীর আহমেদের কাজ বরাবরই আমাকে মুগ্ধ করে। তার নির্মাণ দেখে মাঝেমধ্যে অভিমান হতো, আমাকে আবার কবে তার সিনেমায় নেবেন। অবশেষে অনেক দিন পর সুযোগ হলো একসঙ্গে কাজ করার। আশা করছি, দারুণ একটা কাজের অংশ হতে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘তৌকীর ভাইয়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই আনন্দের। এবারও সুন্দর অভিজ্ঞতা হবে, এমনটাই আশা করছি। বেশ বড় আয়োজনে ফিরছেন তৌকীর ভাই, সেটি আগেই বোঝা গিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে এটি নির্মিত হচ্ছে। তার কর্মজীবন, আদর্শ ও তিনি যে জাতির স্থপতি, তাই উঠে আসবে তরুণদের কাছে।’
পরীমনি বলেন, ‘সবাই একবাক্যে স্বীকার করবেন, কোনো ধরনের আপস ছাড়াই কয়েকটি দর্শকনন্দিত সিনেমা তৈরি করেছেন তৌকীর আহমেদ। নানা ক্ষেত্রে আপস করলেও মানের ক্ষেত্রে একবিন্দুও ছাড় দেননি তিনি। অল্প বাজেটে কীভাবে মানসম্মত অসাধারণ সিনেমা বানানো যায়, তার সিনেমাগুলো দেখলে বোঝা যায়। একটি ভালো সিনেমার অংশ হতে পেরে আমি আনন্দিত। সিনেমার গল্পের সঙ্গেও আমি খুব দ্রুত সংযোগ স্থাপন করতে পেরেছি। কারণ আমি সিনেমার যে অনুভূতি সেটি বিশ্বাস করি।’
‘স্ফুলিঙ্গ’ সিনেমার সংগীত পরিচালনা করবেন পিন্টু ঘোষ। মহরত অনুষ্ঠানে হাজির হয়ে সংগীত পরিবেশ করেন এ শিল্পী। এর আগে তিনি একই পরিচালকের ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার সংগীত পরিচালনা করেন। পরিচালক জানান, টানা শ্যুটিং করে এর কাজ শেষ করতে চান তিনি। আগামী বছরের মার্চে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তৌকীরের ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি পেয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্র, পার্শ্বচরিত্রের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ফজলুর রহমান বাবু, শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জায় খন্দকার সাজিয়া আফরিন পুরস্কার পেয়েছেন। এর আগে তৌকীরের ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাগুলো দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে।
