মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মদিন আজ শনিবার। বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে। ১৮৮০ সালের আজকের এই দিনে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান নেতা। জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভাসানী ছিলেন ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণ-আন্দোলনের নায়ক, যিনি জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসেবে সমধিক পরিচিত। ১৮৯৭ সালে পীর সৈয়দ নাসিরুদ্দীনের সঙ্গে আসামে যান মওলানা ভাসানী। ইসলামি শিক্ষার উদ্দেশ্যে ১৯০৭ সালে দেওবন্দ গিয়ে দুই বছর অধ্যয়নের পর তিনি আসামে ফিরে আসেন। ১৯১৯ সালে কংগ্রেসে যোগদানের পর খেলাফত ও অসহযোগ আন্দোলনে অংশ নেওয়ার কারণে ১০ মাস কারাভোগ করেন। ১৯২৬ সালে আসামে প্রথম কৃষক-প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান তিনি। ১৯২৯ সালে ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন করেন। এর পর থেকে তার নামের শেষে ভাসানী যুক্ত হয়।
রাজনীতির পাশাপাশি মওলানা ভাসানী সমাজ সংস্কারমূলক কর্মকা-ে যুক্ত ছিলেন। আসামে তিনি ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন বরেণ্য এই রাজনীতিবিদ।
