ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ০২:২৬ এএম

রাজধানীর উত্তরায় বহুতল একটি ভবন থেকে কাপড় বেয়ে নামতে গিয়ে পড়ে ইয়াসমিন আক্তার (১৪) নামে এক গৃহকর্মী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিমানবন্দর থানার এসআই সফিকুল ইসলাম জানান, ইয়াসমিন কক্সবাজার টেকনাফ উপজেলার মন্ডলপাড়ার আবদুল জলিলের মেয়ে। চার বছর ধরে সে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৯ নম্বর বাসার পঞ্চম তলায় ডা. ইকবালের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল। সফিকুল আরও জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে ছাদ থেকে একটি কাপড় বেঁধে নিচে নামার চেষ্টা করে ইয়াসমিন। এ সময় সে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে রাতেই ইয়াসমিনের লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

কেন ইয়াসমিন বাসা থেকে পালানোর চেষ্টা করছিল, তা এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে, জানান এসআই সফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত