২০১২-১৩ মৌসুমে ট্রেবল জয়ের পর থেকেই শিরোপাশূন্য শেখ রাসেল ক্রীড়া চক্র। সর্বশেষ ২০১৮ সালে স্বাধীনতা কাপের ফাইনাল খেলেছিল তারা। সেটাই ছিল গত সাত বছরে তাদের সর্বোচ্চ প্রাপ্তি। অথচ প্রায় প্রতি মৌসুমেই বড় বাজেটের দল গড়ে তারা। বিদেশি খেলোয়াড় আনতেই প্রচুর অর্থ খরচ করতে দেখা গেছে মূলত বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় পরিচালিত দলটি। যদিও তাদের মান নিয়ে প্রতিবারই প্রশ্ন থাকে। এবার অবশ্য দলটি দাবি করেছে অতীত ভুলে তারা মানসম্মত বিদেশি চূড়ান্ত করেছে। যেখানে আছেন জিয়ানকার্লো রদ্রিগেজ নামে এক ব্রাজিলিয়ান স্ট্রাইকার। বাকি তিন বিদেশি ঢাকার ফুটবলের পুরনো মুখ। বসুন্ধরা কিংসে দুই মৌসুম খেলা উজবেক মিডফিল্ডার বখতিয়ার দুইশভেকভকে এবার দেখা যাবে রাসেলের জার্সিতে। গত মৌসুমে রহমতগঞ্জে খেলা তাজিক সেন্টার ব্যাক সিওভুস আশরারভ এবং মোহামেডানে খেলা নাইজেরিয়ান মিডফিল্ডার ওবি মোনেকেকে চূড়ান্ত করেছে তারা।
কোচ সাইফুল বারী টিটু বেশি আশাবাদী ব্রাজিলিয়ানকে নিয়ে, ‘বিশেষ করে ওর উচ্চতাটা বেশ কাজে দেবে। পারফেক্ট নাম্বার নাইন যাকে বলে। চাহিদামতো স্ট্রাইকার পেয়েছি, এখন মাঠে ভালো খেললেই হয়।’ অন্য তিন বিদেশিকে পরীক্ষিত দাবি করলেন টিটু।
