পদ্মা সেতুর কাজের অগ্রগতিতে বিএনপি আশাহত : তথ্যমন্ত্রী

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১২:৫৭ এএম

পদ্মা সেতুর কাজের অগ্রগতিতে বিএনপি আশাহত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘জনগণের স্বপ্নের পদ্মা সেতু প্রায় সম্পন্ন হওয়ায় দেশবাসী উল্লসিত হলেও পদ্মা সেতু নিয়ে বিরূপ মন্তব্যকারী বিএনপিসহ কতিপয় ব্যক্তি-গোষ্ঠীরা কি এখন আশাহত নাকি লজ্জা পেয়ে নিশ্চুপÑ এ প্রশ্ন জনগণের।’ গতকাল শনিবার দুপুরে তার সরকারি বাসভবন থেকে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ শীর্ষক এক ওয়েবিনারে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন আমাদের আওয়ামী লীগ সরকার যখন পদ্মা সেতুর কাজে হাত দেয়, তখন কোনো অর্থছাড়ের আগেই বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছিল। তখন বিশ্বব্যাংকের সঙ্গে সুর মিলিয়ে বিএনপিসহ দেশের কিছু গবেষণা প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ, বিশিষ্ট অর্থনীতিবিদ বিভিন্ন সভা-সিম্পোজিয়ামে পদ্মা সেতু নিয়ে নানা অভিযোগ তুলেছিল। কিন্তু পরবর্তীতে কানাডার আদালতে  বিশ্বব্যাংকের অভিযোগই মিথ্যা প্রমাণিত হয়। বিশ্বব্যাংক পরবর্তীতে প্রকল্পে অর্থায়ন করতে চাইলেও প্রধানমন্ত্রী সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির সিদ্ধান্ত নেন।’

‘ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ে আলোকপাত করে তিনি আরও বলেন, বিশ্বে বর্তমানে আইসিটিনির্ভর চতুর্থ শিল্পবিপ্লব চলছে। বাংলাদেশ আগের তিনটি শিল্পবিপ্লবে পিছিয়ে থাকলেও বর্তমানের চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে সঙ্গেই পথ চলছে। ভারত যেখানে ২০১৬ সালে ‘ডিজিটাল ভারত’ কিংবা যুক্তরাজ্য যেখানে ২০১৮ সালে ‘ডিজিটাল ইউকে’ ঘোষণা দিয়েছিল, সেখানে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালেই ডিজিটাল বাংলাদেশ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশকে সত্যিই ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। এখন ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটি, তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা আগামী বছর দ্বিগুণ করা সরকারে লক্ষ্য। এ খাতে ২০০৮ সালের ২৬ মিলিয়ন ডলার রপ্তানি আয় এখন ১ হাজার মিলিয়ন বা ১ বিলিয়ন। করোনা মহামারীতে স্থবির প্রায় বিশ্বের যে ক’টি দেশ ধনাত্মক প্রবৃদ্ধি ধরে রেখেছিল, বাংলাদেশ তার মধ্যে অন্যতম।’

ওয়েবিনারটি চট্টগ্রাম জেলার ডেপুটি কমিশনার ইলিয়াস হোসেন সভাপতিত্ব করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত