শেষকৃত্যের দিন রসির বাড়িতে ডাকাতি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০১:২২ এএম

ছিঁচকে চুরি নয় রীতিমতো ডাকাতি হয়েছে সদ্য প্রয়াত ইতালিয়ান ফুটবল কিংবদন্তি পাওলো রসির বাড়িতে। ভেনিস থেকে ৬০ কিলোমিটার দূরে ভিসেনজায় শনিবার শেষকৃত্য হয় ’৮২-র বিশ্বকাপ জয়ীর। সবাই যখন প্রিয় তারকাকে বিদায় জানাতে ব্যস্ত তখনই সুযোগ নিয়েছে ডাকাতরা। ভিসেনজায় সমাধিস্থ করার সময় রসির বাড়ির তালা ভেঙে ডাকাতরা মূল্যবান জিনিস নিয়ে গেছে। রসির স্ত্রী ফেদেরিকা কাপেলেত্তি বলেছেন, ‘শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফিরে এসে দেখি টাসকানিতে আমার বাড়ির দরজার তালা ভাঙা, ভেতরে সব এলোমেলো অবস্থা। রসির একটি দামি ঘড়ি এবং টাকা নিয়ে গেছে ডাকাতরা। আমি পুলিশে অভিযোগ করেছি। তদন্ত শুরু হয়েছে।’ ইতালির ফ্লোরেন্সের দক্ষিণ-পূর্বে টাসকানির পোজ্জিও সেনিনাতে পরিবারের সঙ্গে থাকতেন রসি। সেখানে একটি অর্গানিক ফার্মিং সংস্থাও বানিয়েছিলেন। শনিবার শেষকৃত্যে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল। সান্তা মারিয়া আনুনসিয়াতা ক্যাথিড্রালে রসির কফিন কাঁধে করে নিয়ে যান ১৯৮২ বিশ্বকাপজয়ী ইতালি দলের সদস্য মার্কো তারদেলি, জিয়ানকার্লো আন্তোগনোনি, আন্তোনিয়ো কাবরিনি এবং ফুলভিয়ো কলোভাতি। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত